
তর্পণ চলছে গঙ্গাঘাটে - ফাইল ছবি
শেষ আপডেট: 1 October 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোর থেকেই শুরু হয়ে যাবে তর্পণ। কলকাতা সহ বিভিন্ন জায়গায় ঘাটে থাকবে থিকথিকে ভিড়। তাই জোয়ার-ভাটা ঠিক কোন সময়ে থাকবে সেটা জেনে নেওয়া প্রয়োজন। কলকাতা পুলিশের তরফে সেই তথ্য দেওয়া হয়েছে।
মহালয়ার দিন এমনিতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সকাল থেকে মেঘলা আকাশই থাকবে। আর জোয়ার আসার কথা সকাল ৯টা ৪৪ নাগাদ এবং ভাটার সময় দুপুর ১টা ১২। গঙ্গার ঘাটগুলিতে যারা তর্পণ করতে যাবেন তাদের এই সময়সূচি দেখে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কোনও রকম অঘটন না ঘটে।
পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যেই গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ মহালয়ার দিন লক্ষাধিক মানুষের সমাগম হয় এইসব জায়গায়। এবারও তার ব্যতিক্রম হবে না। সূত্রের খবর, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন ঘাটে গোয়েন্দা বাহিনীর ওয়াচ শাখার অফিসারদের মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি একাধিক থানাকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লালবাজার।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘাটে ঘাটে জোয়ার এবং ভাটার সময় সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে হাজির থাকবে বিশেষ মাইকিং টিম। আউটরাম ঘাট, বাজে কদমতলা ঘাট, নিমতলা ঘাট, আহিরিটোলা ঘাটের মতো বিভিন্ন ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে হাজির থাকবেন ডুবুরিরাও।
মহালয়ায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু জেলায়। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে। কলকাতাতেও মূলত একই আবহাওয়া থাকতে চলেছে।