দ্য ওয়াল ব্যুরো : কোথায়? কখন?
ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে গ্রেফতার করা নিয়ে প্রথমে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। পরে তিনি বলেন, "বিনা কারণে পুলিশ যেন হাতে আইন তুলে না নেয়। আমি এখনই তাদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি।"
বেঙ্গালুরুতে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হন রামচন্দ্র গুহ। আরও শ'খানেক বিক্ষোভকারীকেও সেখান থেকে গ্রেফতার করা হয়। বিশিষ্ট ইতিহাসবিদকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে অনেকে নিন্দা করেন। এরপরে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কাছে ওই ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি পাল্টা জানতে চান, কখন, কোথায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরে বলেন, "গুন্ডাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিক। যারা শান্তিশৃঙ্খলা ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সাধারণ মানুষকে কিছু বলা উচিত নয়। যদি তেমন কিছু ঘটে দায়ী অফিসারদের বিরুদ্ধে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।"
একটি ভিডিওতে দেখা গিয়েছে, রামচন্দ্র গুহ যখন রিপোর্টারের সঙ্গে কথা বলছিলেন, তখন এক পুলিশকর্মী এসে তাঁর হাত ধরে টানতে থাকেন। আর একজন পুলিশকর্মী প্রবীণ ইতিহাসবিদকে ঘুসি মারার ভঙ্গি করেন। পরে ইতিহাসবিদ বলেন, আমার হাতে ধরা প্ল্যাকার্ডে ছিল গান্ধীজির ছবি। আমি দেশের সংবিধান নিয়ে কথা বলছিলাম। সেজন্য পুলিশ আমাকে আটক করেছে।"
বিজেপিকে দোষ দিয়ে তিনি বলেন, "পুলিশ কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে। আমরা এক বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলাম। খুবই শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ পথে প্রতিবাদ জানানো হচ্ছিল।"
বুধবারই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে জারি হয়েছিল ১৪৪ ধারা। বিক্ষোভকারীদের মিছিল, বড় জমায়েত নিষিদ্ধ করে দিয়েছিল পুলিশ। বৃহস্পতিবার সকালে টাউন হলের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হলে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করে পুলিশ।