দ্য ওয়াল ব্যুরো : রবিবার নাগরিকত্ব আইনের সমর্থনে দিল্লিতে মিছিল বার করেছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। মিছিল যাচ্ছিল জাফরাবাদের দিকে। সেখানে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শনিবার রাত থেকে অবস্থান করছেন মহিলারা। মিছিল জাফরাবাদ অবধি পৌঁছানোর আগেই নাগরিকত্ব আইনের সমর্থনকারী ও বিরোধীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপরেই কপিল মিশ্র টুইট করেন, যতক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে থাকবেন ততক্ষণ আমরা শান্তি বজায় রাখব। তার মধ্যে যদি রাস্তা ফাঁকা না হয়, তাহলে পুলিশের কথা শুনব না। আমরা রাস্তায় নামব।
এর আগেও বিতর্কিত টুইট করেছেন কপিল মিশ্র। রবিবার তিনি উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর থেকে মিছিল বার করেন। মিছিল থেকেই তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন, “আমরা তিনদিন সময় দিচ্ছি। জাফরাবাদ ও চাঁদবাগের রাস্তা ফাঁকা করে দিন। তা যদি না পারেন, আমাদের আর বোঝাতে আসবেন না। আমরা আপনাদের কথা শুনব না।”
পরে তিনি হিন্দিতে টুইট করেন, “যতক্ষণ না ডোনাল্ড ট্রাম্প ভারত ছেড়ে যাচ্ছেন, ততক্ষণ আমরা শান্তিপুর্ণ থাকব। তারপরে আমরা পুলিশের কথা শুনব না।”
রবিবার দিল্লির পথে সংঘর্ষের আগেও তিনি টুইট করেছিলেন, “সবাই বেলা তিনটে নাগাদ মৌজপুরে জড়ো হোন। জাফরাবাদকে জবাব দিতে হবে। আমরা রাস্তায় নামব। সবাইকে আসতে অনুরোধ জানাচ্ছি।”
https://twitter.com/indiantweeter/status/1231806814179577856
একসময় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির নেতা ছিলেন কপিল মিশ্র। পরে বিজেপিতে যোগ দেন। তিনি জাফরাবাদের আন্দোলনকারীদের সমালোচনা করে বলেন, “তারা রাস্তা আটকে ৩৫ লক্ষ মানুষকে বিচ্ছিন্ন করে দিতে চায়। আমরা জাফরাবাদকে শাহিনবাগে পরিণত হতে দেব না।”
রবিবার মৌজপুরে পাথর ছোঁড়াছুড়িতে দু’পক্ষের কয়েকজন আহত হন। গোলমাল থামাতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ ও আধা সেনা। তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বিক্ষোভের জেরে দিল্লির দু’টি মেট্রো স্টেশন জাফরাবাদ ও মৌজপুর এখনও বন্ধ আছে।