
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 2 April 2025 17:24
দ্য ওয়াল ব্যুরো: ১ এপ্রিল থেকেই ৭৪৮টি ওষুধের দাম (Medicine Price Hike) বেড়েছে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার কপালে চিন্তার ভাঁজ। এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে প্রশ্ন তুললেন, তাঁরা আছে কীসের জন্য? ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে বলে স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর।
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে, ডায়াবেটিস, হার্টের গুরুত্বপূর্ণ একাধিক ওষুধ ছাড়াও ব্লাড থিনার, ব্লাড প্রেশার থেকে শুরু করে জ্বর, বমি, গ্যাস, হাঁপানি, এইডস-এর মতো ওষুধের দামও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ৭৪৮টি ওষুধ। ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। ১.৭৪ শতাংশ পর্যন্ত বাড়বে বিভিন্ন ওষুধের দাম। এত দাম নিয়েই ঘোর আপত্তি জানিয়েছেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রকে নিশানা করে মমতার কটাক্ষ, ''কীভাবে চিকিৎসা করাবে মানুষ তাঁরা ভাবে না। ডাক্তার যখন এই ওষুধগুলি লিখবেন তখন গরিব মানুষ তা কিনতে পারবেন না। তাহলে কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য? এই সিদ্ধান্ত কি একটি শ্রেণির জন্য নেওয়া হচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করাতে পারে? শুধুমাত্র ওদের জন্য সরকার চলবে?''
ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে পথে নামারও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ এবং ৫ তারিখ রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন মমতা। তাঁর কথায়, ''আমি এই দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম যাতে দ্রুত প্রত্যাহার করা হয়, সেই আর্জি জানাচ্ছি।'' মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কেন স্বাস্থ্যবিমায় জিএসটি বসানো হবে, কেন বারবার এভাবে ওষুধের দাম বাড়ানো হবে? কেন হীরেতে জিএসটি নেই, জিরেতে আছে, তার জবাব চেয়েছেন তিনি। তৃণমূল সাংসদদের সংসদেও এই বিষয়টি নিয়ে সরব হতে নির্দেশ দিয়েছেন মমতা।
ওষুধের দাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে এখন সাধারণ মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য। তাই তাঁর সরকার স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প এনেছে সাধারণ মানুষের জন্য। কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ জেনেরিক মেডিসিনের দাম বৃদ্ধি করা থেকে শুরু করে স্বাস্থ্যবিমাতেও জিএসটি বাড়িয়ে দিচ্ছে। তাঁর সাফ কথা, স্বাস্থ্যই হচ্ছে মানুষের সম্পদ। তার ওপর এভাবে টাকার চাপ দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে, যা উচিত নয়। ওষুধের এই দাম বৃদ্ধির খবরে তিনি স্তম্ভিত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।