
শেষ আপডেট: 6 June 2023 09:22
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামার আগে বিরাট কোহলির সামনে বহু নজিরের হাতছানি। মনে হবে যেন ওভালে নজির সমুদ্রে পা রাখছেন বিরাট। এর আগে ফাইনালেই নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল রোহিত শর্মার ভারতকে। ফের আবারও খেতাবের সামনে দাঁড়িয়ে ভারত। সামনে এবার প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
বুধবার থেকে ভারতীয় সময়ে বিকেল তিনটা থেকে শুরু হচ্ছে লড়াই। তার আগে কোহলির সামনে নজিরের মণিমানিক্য। এমনকী ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরির রেকর্ডের সামনে রয়েছেন কিং কোহলি। ডনের ২৯তম সেঞ্চুরির নজির স্পর্শ করতে দরকার একটি দুরন্ত সেঞ্চুরির। সেটি হয়ে গেলেই বড় মঞ্চে কিংবদন্তিকে স্পর্শ করবেন বিরাট।
শুধু তাই নয়, ওভালে এই মহা আসরে ১৮৮ রান যোগ করতে পারলে কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ প্রথম পাঁচ ভারতীয় ব্যাটারের মালিক হবেন। রাহুল দ্রাবিড়কেও টপকে যাওয়ার সুযোগ থাকছে কোহলির কাছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট ২৪টি টেস্ট ম্যাচে ১৯৭৯ রান করেছেন। অন্যদিকে দ্রাবিড় ২১৬৬ রান করে তৃতীয় স্থানে আছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটার হিসাবে রান সংগ্রহকারী তালিকায় প্রথমে যাঁর নাম, তিনি শচীন তেন্ডুলকার। দ্বিতীয় স্থানে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ।
কোহলি ১৮৮ রান করতে পারলে দ্রাবিড়ের নজির ভাঙার পাশে টেস্ট কেরিয়ারে ৮৫৮৬ রানের রেকর্ড ছাপিয়ে যেতে পারেন। ১০৮ ম্যাচে কোহলির সংগ্রহ ৮৪১৬ রান।
সেওয়াগের রান টপকে গেলে কোহলি ভারতের প্রথম সর্বোচ্চ রানের দিক থেকে পাঁচ নম্বরে চলে আসবেন। কোহলির আগে রয়েছেন শচীন, যাঁর রান ১৫৯২১। দ্রাবিড়ের সংগ্রহ ১৩২৮৮। তৃতীয় স্থানে সুনীল গাভাসকার। সানির মোট রান ১০১২২।