
রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কুণাল ঘোষ।
শেষ আপডেট: 29 June 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে ২৫ দিন অতিক্রান্ত। এখনও জটে আটকে তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ।
ইতিমধ্যেই এ ব্যাপারে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বোসের আচরণ 'সুস্থ গণতন্ত্রের পরিপন্থী' বলেও রাষ্ট্রপতিকে জানিয়েছেন তিনি। টেলিফোনে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও কথা বলেছেন। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন স্পিকার।
এমন পরিস্থিতিতে রাজ্যপালকে ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল বলেন, "রাজ্যপালকে সম্মান করি। তবে তৃণমূলের একজন সৈনিক হিসেবে বলতে পারি উনি বিজেপির লোকের মতো আচরণ করছেন।" এরপরই কুণালের হুঁশিয়ারি, "সোমবার বেলা ৩টে পর্যন্ত দেখব, তাঁর মধ্যে আমাদের দু’জন জয়ী প্রার্থীর শপথগ্রহণের ব্যবস্থা না হলে দিল্লির তাজ হোটেলে কী ঘটেছিল, সেই অজানা ঘটনা মঙ্গলবার থেকে প্রকাশ্যে আসতে শুরু করবে।’’
প্রসঙ্গত, সম্প্রতি রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। বোসের বিরুদ্ধে থানায় এফআইআরও করেন তিনি। ওই সময় তৃণমূলের তরফে ইঙ্গিত করা হয়েছিল, দিল্লির তাজ প্যালেসেও এরকম একটি ঘটনায় নাকি রাজ্যপালের নাম জড়িয়েছে। অনেকের মতে, কুণাল ওই ঘটনায় প্রকাশ্যে আনতে চান।
প্রসঙ্গত, রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "আমি আর রাজভবনে যাব না। প্রয়োজন হলে রাস্তায় দেখা করব।" সায়ন্তিকারাও জানিয়ে দিয়েছেন, বিধায়ক হিসেবে যেহেতু বিধানসভার সদস্য হবেন তাই রাজভবনের পরিবর্তে বিধানসভাতেই শপথ নিতে চান। বৃহস্পতিবার ওই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ফের জানান, "রাজভবনে যা কীর্তিকলাপ হয়, তাতে ওখানে মেয়েরা যেতে ভয় পায়।"
স্বাভাবিকভাবে কুণালের হুঁশিয়ারি ঘিরে সমাজে কৌতূহল তৈরি হয়েছে, দিল্লির তাজ প্যালেসে কী ঘটেছিল? কোন ঘটনা প্রকাশ্যে আনতে চান? কুণাল বলেন, " অপেক্ষা করুন না। সময় তো হয়েই এল। রাজ্যপাল সোমবার দুপুরের মধ্যে শপথগ্রহণের ব্যবস্থা্ না করলে তখনই দেখতে পাবেন!" এ ব্যাপারে রাজভবনের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।