
শেষ আপডেট: 3 March 2022 07:29
এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Ukraine Crisis)। সেই সঙ্গে রাশিয়া আশ্বস্ত করেছে নিরাপদে ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন থেকে ফিরে যেতে 'সেফ প্যাসেজ' দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু বিতর্ক দানা বেঁধেছে অন্য জায়গায়। রুশ সেনাদের দাবি, সীমান্ত পেরতে গেলেই ভারতীয় ছাত্রছাত্রীদের (Indian Students) মারধর করে আটকে দিচ্ছে ইউক্রেনীয় সেনারা। তাঁদের পণবন্দি করে রাখা হচ্ছে।
ভারতীয় পড়ুয়ারাই এর আগে ভিডিও বার্তায় অভিযোগ করেছিল, সীমান্তে ইউক্রেনীয় সেনা মারধর করছে। চুলের মুঠি ধরে লাথি মারার অভিযোগও করেন কয়েকজন ছাত্রছাত্রী। এবার ভারতীয়দের পণবন্দি করে রাখার অভিযোগ উঠল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করে হয়েছে, খারকিভ ছাড়তে গেলেই বাধা দেওয়া হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। একদল ভারতীয় পড়ুয়াকে বন্দি করে রেখেছে ইউক্রেনীয় বাহিনী। তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ।
রাশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, ইউক্রেনের সীমান্ত পার করে বেলগার্ডে যাওয়ার সময় একদল ভারতীয় ছাত্রছাত্রীকে জোর করে আটকে রাখে ইউক্রেনীয় সেনারা। ওই পড়ুয়াদের পণবন্দি করা হয়েছে বলেও অভিযোগ। তবে রাশিয়ার সশস্ত্র বাহিনী ওই পড়ুয়াদের উদ্ধার করে ফিরিয়ে আনবে বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: UNGA: রাষ্ট্রপুঞ্জের সভায় রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা ১৪১ দেশের, ভোট দিল না ভারতও
ভারত যদিও রাশিয়ার এই অভিযোগ মানতে চায়নি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা ভারতীয় পড়ুয়াদের জোর করে পণবন্দি করছে এমন খবর পাওয়া যায়নি। ভারতীয় দূতাবাস সবসময়েই সেখানকার পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছে। ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গেও কথাবার্তা চলছে। ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা হচ্ছে। ইউক্রেনের বাহিনীকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রতিবেশী দেশ যেমন রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, মলডোভা ও স্লোভানিয়ার সঙ্গেও ভারত যোগাযোগ রাখছে বলে জানা গেছে।
https://twitter.com/MEAIndia/status/1499221560657252356?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1499221560657252356%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fukraine-crisis-india-says-have-not-received-any-reports-of-any-hostage-situation-regarding-any-student-after-russias-charge-on-ukraine-2800383
ভারতীয় পড়ুয়ারা অভিযোগ করেছিলেন, সেনা এবং পুলিশ একজোট হয়ে পোল্যান্ড সীমান্ত অঞ্চল থেকে ঠেলে ইউক্রেনের দিকে পাঠিয়ে দিচ্ছে ভারতীয়দের। ভয় দেখাতে বার বার শূন্যে গুলি ছোড়া হচ্ছে। প্রায় ৩৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও ভিসার লাইন থেকে টেনে টেনে ভারতীয়দের বার করার অভিযোগও রয়েছে। মারধর, লাথি মারা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এরপর বুধবার রাশিয়ার বিদেশমন্ত্রক জানায়, ভারতীয় পড়ুয়াদের নিরাপদে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় কয়েকজন ছাত্রীকে ইউক্রেনের পশ্চিম সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছে। খারকিভ থেকে ট্রেনে ইউক্রেনের পশ্চিম সীমান্ত পার হতে প্রায় ২০ ঘণ্টা সময় লাগে। ভারতীয় ছাত্রীদের আগে এই সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। এরপর ছাত্রদেরও একইভাবে ট্রেনে চাপিয়ে সীমান্ত পার করিয়ে দেওয়া হবে।