
প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 December 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো: রাত তখন প্রায় এগারোটা। ধূপগুড়ির ৩১ নং জাতীয় সড়কে দ্রুত গতিতে আসছিল একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একটি বাইকে। পালাতে গিয়ে পিষে দিল ফুটপাতে থাকা দুই শ্রমিকেও।
সূত্রের খবর, ঘটনাস্থলেই ওই বাইক আরোহী মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি ফালাকাটা মিলরোডে। আহত হয়েছেন নারায়ণ সরকার ও আনন্দ রায়। দু’জনেই খলাইগ্রাম এলাকার একটি প্লাইউড কারখানার শ্রমিক।
জানা যাচ্ছে, আহতদের প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের সঙ্কটজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পরপরই ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, দুর্ঘটনা বাঁকুড়াতেও। সেখানকার কোতুলপুর থানার রায়বাঘিনি সংলগ্ন ২ নম্বর রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। আহত আরও একজন। মৃতের নাম সাহেব মাঝি। ইন্দাস থানার বাজিতপুর গ্রামে তাঁর বাড়ি। আহত ব্যক্তির নাম সুমন্ত মাঝি। আপাতত তিনি চিকিৎসাধীন কোতুলপুর গ্রামীণ হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, সাহেব তাঁর বন্ধুকে নিয়ে বাইকে করে ব্যবসার কাজে কোতুলপুরের দিকে যাচ্ছিলেন। রায়বাঘিনি সংলগ্ন এলাকায় আসতেই একই দিকে যাওয়া একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে সাহেবের বাইক। মাটিতে লুটিয়ে পড়েন দু'জনেই। তড়িঘড়ি কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সাহেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।