ক্যানসার কেড়েছে কিশোরী মেয়েকে, দু'দিনের মধ্যেই লকডাউন ডিউটিতে ফিরতে হল পুলিশ-মাকে
দ্য ওয়াল ব্যুরো: কোভিড লড়াইয়ে তাঁদের অবদান হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতিটা কঠিন থেকে কঠিনতর দিনে তাঁরা কীভাবে সামনের সারিতে থেকে সামাল দিয়ে গেছেন প্রশাসনিক শৃঙ্খলা, সে অবদান অনস্বীকার্য। কিন্তু এই কর্তব্যের দায়বদ্ধতায় যে কত যন্ত্রণ
শেষ আপডেট: 4 May 2020 15:24
দ্য ওয়াল ব্যুরো: কোভিড লড়াইয়ে তাঁদের অবদান হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতিটা কঠিন থেকে কঠিনতর দিনে তাঁরা কীভাবে সামনের সারিতে থেকে সামাল দিয়ে গেছেন প্রশাসনিক শৃঙ্খলা, সে অবদান অনস্বীকার্য। কিন্তু এই কর্তব্যের দায়বদ্ধতায় যে কত যন্ত্রণা মিশে আছে, চোখের জল লেগে আছে, তা অনেক সময়ই আমাদের অজানা থেকে যায়। ঠিক যেমন ওড়িশা পুলিশের হোমগার্ড গৌরী বেহেরার কাহিনি। দীর্ঘ যন্ত্রণার শেষে ১৩ বছরের কিশোরী মেয়েকে হারিয়েছেন ক্যানসারে। ঠিক তার দু'দিনের মাথায় গৌরীকে ফিরতে হল ডিউটিতে।
এক বছর ধরে দুরারোগ্য লিভার ক্যানসারে ভুগছিল গৌরীর মেয়ে লোপামুদ্রা। গত মাসের ২৪ তারিখে হঠাৎই খবর এসেছিল, লোপামুদ্রার শরীরের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। গৌরী ডিউটিতেই ছিলেন তখন। সাইকেল চালিয়ে বাড়ির পথে ছুটেছিলেন ৪৩ বছরের গৌরী। তিনি পৌঁছনোর আগেই মারা যায় মেয়েটি। শেষ দেখাটুকুও হয়নি। গোটা পৃথিবীটা যেন ভেঙে পড়েছিল চোখের সামনে। তার পরেও গোটা পথ সাইকেল চালিয়েই বাড়ি ফিরেছিলেন তিনি। সেরেছেন শেষকৃত্যও।

ঠিক দু'দিন পরেই চোখ মুছে ফের উর্দি চাপিয়েছেন সদ্য সন্তানহারা মা। হয়ে উঠেছেন 'পুলিশ'। যোগ দিয়েছেন লকডাউন ডিউটিতে। তিনি জানেন, দেশের এই জরুরি সময়ে তাঁর কর্তব্য কতটা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ক্ষতি তা যত বড়ই হোক, তার জন্য কাজে আলগা দিতে পারবেন না তিনি এই সময়ে।
গৌরী স্বামীকে হারিয়েছেন কয়েক বছর আগে। বৃদ্ধ বাবা-মায়ের কাছে থাকেন গৌরী। গৌরীর ভাই বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি। মেয়ে ভুগছিল ক্যানসারে। গোটা পরিবারের আয়ের উৎস একা গৌরীই। মেয়েকে হারিয়ে বড় ধাক্কা পেলেন তিনি। কিন্তু কর্তব্য যে সবকিছুর ঊর্ধ্বে, সেই প্রমাণও রাখলেন দেশের এই সৈন্য।