
হুমায়ুন কবীর।
শেষ আপডেট: 8 October 2024 08:09
দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার হুমায়ুনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে থানার দ্বারস্থ হলেন তৃণমূলের কর্মীরা।
অভিযোগ, ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার নাম করে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে শোরগোলও তৈরি হয়েছে। ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ এনে আইনি পথে মোকাবিলার কথা জানিয়েছেন হুমায়ুন।
কতবীর আলি শেখ নামে ওই তৃণমূল কর্মীর অভিযোগ, ‘‘ভরতপুরের লোহাদহ ঘাটে লিজ পাইয়ে দেওয়ার নাম করে ১৪ লক্ষ টাকা নিয়েছেন বিধায়ক হুমায়ুন কবীর। লিজ তো মেলেইনি উল্টে টাকা ফেরত চাইতে গেলে উনি যে দুটি চেক (ব্যাঙ্কের) দিয়েছিলেন তাও বাউন্স করে। এটা প্রতারণা নয়?’’
কতবীরের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সোমবার রাতে থানায় গিয়ে দলের বিধায়কের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। যদিও হুমায়ুনের অভিযোগ, "দলেরই একাংশ চক্রান্ত করছে। আইনি পথেইমোকাবিলা করব।" এ ব্যাপারে জেলার তৃণমূল নেতাদের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।