
শেষ আপডেট: 6 December 2022 06:13
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের মোরবি সেতু বিপর্যয়ের (Morbi bridge collapse) ঘটনায় একটি টুইট নিয়ে গ্রেফতার করা হল তৃণমূল কংগ্রেসের (TMC) অন্যতম জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale)। তাঁকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশের (Gujarat Police) সাইবার ক্রাইম ব্রাঞ্চ। দিল্লি থেকে সোমবার রাতে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে নামেন সাকেত। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। জয়পুর থেকে তাঁকে নিয়ে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন মঙ্গলবার টুইট করে সাকেতের গ্রেফতারির কথা জানিয়েছেন। ডেরেকের বক্তব্য, টুইটের ছুতো দেখিয়ে সাকেতের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, সোমবারই ছিল গুজরাত বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোট। দেখা গেল তা মেটার পরেই তৃণমূলের এই মুখপাত্রকে গ্রেফতার করা হল।
তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন আরও বলেছেন, গভীর রাতে সাকেতকে মিনিট দুয়েকের জন্য তাঁর বাড়িতে ফোন করতে দেওয়া হয়েছিল। তিনি তাঁর মা'কে জানান, আমদাবাদ নিয়ে যাচ্ছে পুলিশ। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ সেখানে পৌঁছনোর কথা। সাকেত আরটিআই অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। চলতি বছরে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে।
অক্টোবর মাসের ৩১ তারিখ গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয় ঘটে। মৃত্যু হয় প্রায় দেড়'শ জনের। ওই ঘটনায় সরকারি গাফিলতি এমনকি দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন বিরোধীরা। সেই সময়কার একটি টুইট নিয়ে সাকেতের বিরুদ্ধে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
নাবালিকার সম্মতির কোনও গুরুত্ব নেই! ধর্ষণে অভিযুক্তকে জামিন দিল না আদালত