
নিজস্ব ছবি
শেষ আপডেট: 11 April 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো: ভগবানপুরের সরবেড়িয়াতে মাঠে অস্থায়ী ল্যাম্প পোস্ট পড়ে আহত ১০। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রাতে হঠাৎ ঝড় ওঠায় এই দুর্ঘটনা বলে জানা গেছে।
গতরাতে সরবেড়িয়ার একটি মাঠে মিনি ফুটবল খেলার আয়োজন চলছিল। স্টেজের লাইট বসানোর জন্য অস্থায়ীভাবে লোহার পিলার খুঁটি হিসেবে বসানো হয়েছিল। ঝড় ওঠে, নড়বড়ে পিলারগুলো হাওয়ায় ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায় লোকজনের ওপর। আহত ১০ জনকে তড়িঘড়ি চণ্ডীপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজন বাদে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আকাশের অবস্থা ভাল নয়, এটা দেখার পরই খেলা বন্ধ করে দেন আয়োজনকারীরা। মাইকে পুরো বিষয়টি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়। কিন্তু আচমকা দমকা হাওয়া বইতে শুরু করলে লোকজন পালাতে থাকে। তবে তাড়াহুড়ো করেও বিপদ আটকানো যায়নি। গায়ে পড়ে যায় একটি ল্যাম্প পোস্ট।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন কোনও আয়োজন হলে নিরাপত্তার দিকে আরও বেশি নজর দেওয়া হবে।