দ্য ওয়াল ব্যুরো: বন্ধু টাকা নিয়ে ফেরত দিচ্ছিলেন না। তাই বন্ধুকে খুনই করে ফেলল তাঁর তিন সঙ্গী। দিল্লির ময়ূরবিহারের ঘটনা। নিহত যুবকের নাম বাবলু কুমার (২২)। পেশায় ট্যাটু আর্টিস্ট বাবলুকে খুনের অভিযোগে তঁর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম প্রশান্ত মিশ্র (২৫), অঙ্কিত শর্মা (১৯) এবং ইন্দ্রজিৎ ওরফে ববি (২৭)।
গত ১০ ডিসেম্বর বাবলুকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ওই তিন জন। বাবলুর দাদা জানান, তার পর আর বাড়ি ফেরেননি বাবলু। তিনি মাঝেমাঝেই বাড়ি থেকে বেরিয়ে ২-৩ দিন ফিরতেন না, তাই বাড়ির লোকেরা চিন্তা বা খোঁজ করেননি। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও বাবলু না ফেরায় খোঁজ শুরু হয়। বাড়ির কাছেই একটি ঝোপের মধ্যে থেকে বাবলুর মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। যে বন্ধুদের সঙ্গে শেষ বার তাঁকে দেখা গেছিল, তাদেরই জেরা করে পুলিশ।
প্রথমে তারা সব অস্বীকার করে। তারা পুলিশকে জানায়, বাবলু তাদের সঙ্গে কিছুক্ষণ থেকে চলে গিয়েছিলেন, তাই তাদের কোনও ধারণা নেই এ বিষয়ে। কিন্তু পরে পুলিশ লক্ষ করে ওই তিনজনের মধ্যে ববির শরীরে আঘাত রয়েছে। কেমন ভাবে আঘাত লাগল, তা সে ব্যাখ্যা করতে না পারায় পুলিশ তাদের চেপে ধরে। জেরায় ভেঙে পড়ে তারা। স্টক ব্রোকার প্রশান্ত এবং বাকি দুজনও বাবলুকে টাকা ধার দিলেও কিছুতেই তিনি ওই টাকা তাদের ফেরত দিচ্ছিলেন না বলে তাদের দাবি।
তাই ছক কষে বাবলুকে ওই তিনজন ডেকে নিয়ে যায়।তাঁকে মদ খাইয়ে নেশায় বুঁদ করে দেয় তারা। এর পরেই কাটারি ব্যবহার করে বাবলুর ধড় আর মাথা আলাদা করে দেয় তারা। সেখানে ও ভাবেই দেহটি ফেলে রেখে চলে আসে তারা। তারা ভেবেছিল দেহটা পচে গেলে তাদের আর কেউ ধরতে পারবে না। কিন্তু শেষরক্ষা আর হল না।আপাতত পুলিশের ঘরে ওই তিন অপরাধী।