প্যান্ডেলের প্রধান পৃষ্ঠপোষক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কলকাতা পুলিশ আয়োজকদের কাছে চিঠি দিয়ে জানিয়েছে, প্যান্ডেলের ভেতরে ও বাইরে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।
.jpg.webp)
সন্তোষ মিত্র স্কোয়ার
শেষ আপডেট: 11 September 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: ইস্ট-ওয়েস্ট মেট্রোর পূর্ণ রুট চালু হওয়ার পর থেকে শিয়ালদহ স্টেশনে ভিড় অনেক বেড়ে গিয়েছে। এর জেরে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলের প্রবেশ পথ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
বুধবার ডিসিপিরা এলাকা ঘুরে দেখে পুজো আয়োজকদের পরামর্শ দেন যে বি বি গাঙ্গুলী স্ট্রিট দিয়ে প্রবেশ বন্ধ রাখা হোক। পরিবর্তে দর্শনার্থীরা জগৎ সিনেমা-অ্যামহার্স্ট স্ট্রিট ধরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রসিং হয়ে প্যান্ডেলে ঢুকতে পারবেন। পুলিশের মতে, এতে রাস্তায় ভিড় কমবে এবং পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যাবে। এছাড়া পার্কের পাশের রাস্তায় কোনও খাবারের দোকান বসতে দেওয়া হবে না।
প্যান্ডেলের প্রধান পৃষ্ঠপোষক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কলকাতা পুলিশ আয়োজকদের কাছে চিঠি দিয়ে জানিয়েছে, প্যান্ডেলের ভেতরে ও বাইরে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে।
পুলিশের নির্দেশ অনুযায়ী, নটবর দত্ত রোডে কোনও বিজ্ঞাপনের আর্চ বসানো যাবে না। লাইট কিংবা সাউন্ড শো এবং লেজার শো-ও করা যাবে না। প্যান্ডেল ও অন্যান্য স্থাপনার সেফটি ইঞ্জিনিয়ারদের সার্টিফাই করতে হবে।
জরুরি পরিস্থিতির জন্য আলাদা পুলিশ করিডোর তৈরি করতে হবে এবং অন্তত ২৫০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রাখতে হবে। প্যান্ডেলে অন্তত ৬০টি সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশও দিয়েছে পুলিশ। সব পরিকল্পনার রিপোর্ট আয়োজকদের ১২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।