
প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 December 2024 15:29
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে বরফ পড়ছে। বছর শেষেও দার্জিলিং সহ একাধিক জেলায় বরফপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু এতকিছুর পরই জাঁকিয়ে ঠান্ডা পড়ছে না দক্ষিণবঙ্গে। আর পড়বে না বলেই কার্যত আভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
বছরের শেষে পারদ নামবে। হিমেল হাওয়ার পরশ অনুভূত হবে। তবে কনকনে ঠান্ডা থেকে বঞ্চিতই হতে হবে বাঙালিকে। জাঁকিয়ে বা কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। তবে সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামবে বলে ইঙ্গিত মিলেছে। বুধবারের পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে চলেছে। এতএব তাপমাত্রা স্বাভাবিকের কাছে থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।
এদিকে এই সময়ের মধ্যেই পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দফতর। বর্ষ শেষ ও বর্ষবরণের দিনে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে।
আগামী সপ্তাহের শুরুর দিকে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে, শিলা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।