
তন্ময় ভট্টাচার্য।
শেষ আপডেট: 17 December 2024 14:03
দ্য ওয়াল ব্যুরো: এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় মঙ্গলবার তন্ময়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট।
জামিনের শর্ত হিসেবে আদালত জানিয়েছে, তন্ময় ভট্টাচার্যকে থানায় নিয়মিত হাজিরা দিতে হবে। সহযোগিতা করতে হবে তদন্তে এবং অভিযোগকারিণীর সঙ্গে তিনি কোনও যোগাযোগ রাখতে পারবেন না। এই শর্তেই ১০ হাজার টাকার বন্ডে এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করেছে আদালত।
গত ২৭ অক্টোবর ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। ফেসবুক লাইভে ওই মহিলা সাংবাদিক অভিযোগ করেন, 'চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।'
ঘটনার প্রতিবাদে সিপিএম নেতার বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা সাংবাদিক। ঘটনার প্রায় পরে পরেই সাংবাদিক বৈঠক ডেকে সিপিএম তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডও করে। গত শুক্রবার সেই সাসপেনশন প্রত্যাহার করেছে দল। এবার হেনস্থা মামলায় আদালত থেকেও সাময়িক স্বস্তি পেলেন সিপিএমের বর্ষীয়ান এই নেতা।