দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে কারো পৌষমাস, কারো সর্বনাশ। চারপাশে যখন “মিটু”র ঝড় উঠেছে, তখন এই নেগেটিভ আবহেই ২০ শতাংশ বেশি লাভ করছে একটি স্ন্যাক্সের দোকান! তামিলনাড়ুর তিরুনেলভেলির এই দোকানটি ২০১৪ সাল থেকেই ব্যবসা করছে। দোকানটির নাম “মিটু।” এই দোকানের স্ন্যাক্স লোকে ৪ বছর ধরেই খেয়ে আসছেন। কিন্তু হঠাৎই বিক্রি বেড়ে গেছে ‘মিটু’-র। অনেকের মতে, এর কারণ দেশজুড়ে মিটু আন্দোলন।
সেলেব তো বটেই কর্মক্ষেত্রে যৌন হেনস্থার প্রতিবাদ করে যে ভাবে দেশ জুড়ে আন্দোলন গড়ে তুলেছেন মহিলারা, সেটা অভিনব। চলছে তর্কবিতর্ক। আলোচনা। এই সব শুরু হওয়ার পর থেকেই পকেট বেশি করে ভরছে মিটু রেস্তোরাঁর মালিক মহিদিন রিজভির। আন্দোলনের জেরে তাবড় তাবড় বলি তারকারও রাতের ঘুম উড়েছে। নানা পাটেকর, অলোকনাথ থেকে অনু মালিক, তালিকা বেশ ওজনদার। নানার বিরুদ্ধে প্রথম মুখ খোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তারপর থেকে একের পর এক অভিযোগ এসেছে প্রকাশ্যে। রিজভি চান, আন্দোলন চলুক যেমন চলছে। তার সঙ্গে বাড়তি লাভের মুখ দেখে রমরমিয়ে ব্যবসা করুক তাঁর রেস্তোরাঁ ‘মিটু।’