
শেষ আপডেট: 6 November 2022 08:53
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে কখন কী ঘটে কেউ জানে না। কথায় আছে, ক্রিকেট হল এক বলের খেলা। সেই খেলায় ম্যাচের মোড় কোনদিকে যায়, তা অনেকক্ষেত্রেই আগে থেকে বুঝে ওঠা সম্ভব হয় না। খাতায় কলমে করা হিসেব পাল্টে যেতে পারে এক ধাক্কায়। চলতি বিশ্বকাপে (T20 World Cup 2022) সেটাই হল। পাক দল (Team Pakistan) আবার দেখিয়ে দিল, 'এভাবেও ফিরে আসা যায়…'।
গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নে জোর ধাক্কা খেয়েছিলেন বাবর আজমরা। জটিল অঙ্কের বিচারে টিকে ছিল শেষ চারের লড়াইয়ে। প্রতিদিনই পাল্টেছে সেই হিসেব। অনেক কাটাছেঁড়া ও পরপর তিন ম্যাচ জিতে অসম্ভবকে সম্ভব করে দেখাল পাকিস্তান।
ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ বলে হেরে বিশ্বকাপে ধুঁকছিলেন বাবররা। শেষ চারে যাওয়ার জন্য তখন তাঁদের নির্ভর করতে হচ্ছিল অন্য দলের ওপর। তবে রানরেট ভাল থাকায় সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বেঁচে ছিল। মেগা রবিবারে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হল। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতেই সেমি যাওয়ার পথ আরও চওড়া হয় পাকিস্তানের কাছে।
পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে ছিল বাংলাদেশও। মরণ-বাঁচন ম্যাচে যে জিতবে সেই যাবে সেমিতে। এই ছিল সহজ অঙ্ক। সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয় পাক দল। শাহিন আফ্রিদির আগুন বোলিংয়ের সামনে ধরাশায়ী বাংলাদেশ, ফিরতে পারল না লড়াইয়ে। ব্যাটে-বলে এদিনের ম্যাচে রাজ করলেন বাবর-রিজওয়ান-শাহিনরা। ম্যাচ শেষে তাই খুশির ঝলক পাওয়া গেল বাবরের গলাতেও। বললেন, 'সেমিফাইনালে খেলার জন্য উত্তেজিত।'
এখন এটাই দেখার গ্রুপের পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়ায় তারা। যদি ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে জেতে তবে গ্রুপ ২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল খেলবেন বাবররা। আর ভারত হারলে রানরেটের বিচারে রোহিতদের টপকে শীর্ষে থেকে সেমিফাইনালে যাবে পাকিস্তান।
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান! শাহিনের গতির আগুনে ঝলসে গেলেন সাকিবরা