বৃষ্টির মধ্যেই বক্তব্যে বিরোধী দলনেতা বলেন, “বৃষ্টি তো দূরের কথা, এই সরকারকে সরাতে গুলি খেতেও রাজি আছি।"

শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 2 July 2025 17:12
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (July 21) প্রতি বছরই ধর্মতলায় শহিদ সমাবেশের আয়োজন করে তৃণমূল (Tmc Martyrs' Day,)। এবার তৃণমূলের 'শহিদ দিবস'-এর দিনেই উত্তরকন্যা অভিযানের (Uttarkanya Abhiyan) ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কসবা গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে এদিন যুব মোর্চার কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু জানালেন, ২১ জুলাই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সদর দফতর, উত্তরকন্যার উদ্দেশ্যে অভিযান চালাবে বিজেপি যুব মোর্চা। পাশাপাশি, ৯ অগস্ট 'নবান্ন অভিযান'-এর ঘোষণাও করলেন তিনি।
গত বছর ৯ অগস্টই আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল সেই ডাক্তারি পড়ুয়ার, যিনি ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার হন বলে অভিযোগ। সেই স্মরণেই এবার ‘নবান্ন অভিযান’। শুভেন্দুর কথায়, “অভয়ার চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়েছে। হাঁসখালি থেকে বগটুই— এই সরকার ও তার বাহিনী ধর্ষকদের রক্ষাকারী। তাই এদের সরাতেই হবে।”
বৃষ্টির মধ্যেই বক্তব্যে বিরোধী দলনেতা বলেন, “বৃষ্টি তো দূরের কথা, এই সরকারকে সরাতে গুলি খেতেও রাজি আছি। আমাদের লড়াই চলবে। ২১ জুলাই ওরা কলকাতায় ডিমভাত খাবে, আমরা উত্তরকন্যায় যাব। কর্মীদের বলছি— নিজের খরচে যাবেন, ভাল করে লড়তে হবে।”
শুভেন্দু আরও জানান, নবান্ন অভিযানের আগে তাঁরা যাবেন নির্যাতিতার বাবা-মায়ের কাছে অনুমতি নিতে। তাঁর কথায়, “আমরা পতাকা ছাড়াই আন্দোলনে যাব। অভয়ার স্মৃতিকে সম্মান জানিয়ে এই প্রতিবাদ। ৯ অগস্ট নবান্ন অভিযানে মমতার সরকারের পতন ঘটানোর ডাক থাকবে।”
একইসঙ্গে শুভেন্দু এদিন মঞ্চ থেকে ইঙ্গিত দেন, বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে। তিনি বলেন, “আগামীকালই নতুন সভাপতিকে স্বাগত জানাব। নতুন নেতৃত্বের হাত ধরে আসবে নতুন লড়াইয়ের কর্মসূচি।”
শেষে তিনি বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী সভা এখানেই শেষ করছি। তবে এটুকু জানবেন— এই শেষ নয়, এ ওদের শেষের শুরু।”