যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার সরব হয়েছেন সুমন। অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশের পরও কেন যোগ্য তালিকা প্রকাশ হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

সুমন বিশ্বাস
শেষ আপডেট: 7 September 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি শিক্ষক নিয়োগে অনিয়ম (SSC Recruitment Scam) নিয়ে দীর্ঘদিন যে আন্দোলন চলছে তার অন্যতম মুখ সুমন বিশ্বাস (Suman Biswas)। রবিবার ফের একবার লিখিত পরীক্ষা দিতে এসে ক্ষোভ উগরে দিলেন তিনি। স্পষ্ট জানালেন - পরীক্ষা যেমন চলছে চলুক, কিন্তু নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সেই দাবিতে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হবেন বলে স্পষ্ট করেন।
যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বারবার সরব হয়েছেন সুমন। অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশের পরও কেন যোগ্য তালিকা প্রকাশ হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, “যারা আসলেই যোগ্য, তাঁদের কেন আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে? সুপ্রিম কোর্টের নির্দেশে আজ পরীক্ষা হচ্ছে, কিন্তু এই পরীক্ষারও ভবিষ্যৎ অনিশ্চিত।” কেন এমন বললেন তিনি, সেটাও ব্যাখ্যা করেছেন।
অভিযোগের সুরে সুমনের দাবি, এই পরীক্ষাতেও অযোগ্যরা আছে! পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তিনি বলেন, “এসএসসি যে তালিকা দিয়েছে সেটা লিস্ট ওয়ান। সেখানে অযোগ্যরাও আছে। তাই এই পরীক্ষা নিয়েও মামলা হবে। আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি, কারণ জানি এরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।”
সুমনের অভিযোগ, “এসএসসি নিজেদের অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে পরীক্ষা নিচ্ছে। তারা বলছে লিস্ট ওয়ান প্রকাশ হয়েছে, আরও লিস্ট আসবে। তাহলে এই তাড়াহুড়োর কারণ কী? আমরা আশা করি, এবার আর আগের মতো ভুল হবে না।”
সুতরাং যোগ্য চাকরিহারা আন্দোলনের নেতৃত্বে থাকা সুমন স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের চূড়ান্ত লক্ষ্য একটাই - যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ। সেই দাবি তুলেই তাঁরা আরও বড় আন্দোলনের চিন্তা-ভাবনা করছেন।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। এরপর আদালতের নির্দেশেই ফের নতুন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে এসএসসি (SSC)। কিন্তু শুরু শুরুতে প্রচুর বাধাও এসেছে। শেষমেশ, প্রায় ৯ বছর পর বহু বিতর্ক পেরিয়ে রবিবার নির্ধারিত সময়ই শুরু হয়েছে এসএসসি-র লিখিত পরীক্ষা।
রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমে নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে। এদিন পরীক্ষা দিচ্ছেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। তবে এদের মধ্যে শুধু বাংলার পরীক্ষার্থী নন, রয়েছেন উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যের পরীক্ষার্থীরাও। এসএসসি সূত্রে খবর, এই সংখ্যাটা প্রায় ৩১ হাজার বা মোট পরীক্ষার্থীর ১০ শতাংশ।
৭ তারিখ এসএসসি-র নবম-দশমের পরীক্ষা এবং আগামী ১৪ তারিখ হতে চলেছে একাদশ-দ্বাদশের পরীক্ষা। ২০১৬ সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী সময়ে সেই নিয়ম বদলে (New Exam Rule) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয়।
মাত্র দুদিন আগেই পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিল এসএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম-দশমে ২৩ হাজার ২১২ শূন্যপদ রয়েছে এবং একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪ শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি (Exam Notice) জারি হয়।