মুখ্যমন্ত্রী যে নতুন করে পরীক্ষায় বসার কথা বলেছেন তাতেও আপত্তি জানিয়েছেন মেহবুব।

সাংবাদিক বৈঠকে চাকরিহারারা - নিজস্ব ছবি
শেষ আপডেট: 28 May 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: নবান্নে সাংবাদিক বৈঠক (Nabanna Press Conference) করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিয়োগ সংক্রান্ত যে ঘোষণা করেছেন তাতে একেবারেই সন্তুষ্ট নন 'যোগ্য' চাকরিহারারা (Jobless Teachers)। তাঁরা এই ঘোষণা শোনার পর নিজেদের ব্রাত্য বলে মনে করছেন। একই সঙ্গে তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে তাঁদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মিথ্যে বলেই প্রমাণিত হচ্ছে।
বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন প্রতিবাদী 'যোগ্য' চাকরিহারাদের অন্যতম মুখ মেহবুব মণ্ডল (Mehboob Mondal)। তিনি বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ''৪ দিন হাসপাতালে ছিলাম। এর মধ্যে অনেক কিছু ঘটেছে। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বৈঠক। উনি বলেছিলেন যোগ্যদের চাকরি যেতে দেবেন না। এদিকে গতকাল ওদের জন্য বললেন অন্য দফতরে দেওয়ার কথা। তার মানে উনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন।'' মুখ্যমন্ত্রী যে নতুন করে পরীক্ষায় বসার কথা বলেছেন তাতেও আপত্তি জানিয়েছেন মেহবুব।
'যোগ্য' চাকরিহারাদের হয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে মেহবুবের স্পষ্ট বার্তা, ''এখনও সিলেবাস জানান হয়নি। এতকিছু মাথায় নিয়ে যারা পরীক্ষায় পাশ করতে পারবে না তাঁরা যদি কিছু করে বসে তাহলে তার দায় আপনাকেই নিতে হবে। আমরা যারা যোগ্য তাঁদের কান্নার আওয়াজ কানে গেল না। আমরা ব্রাত্য হয়ে গেলাম। আর অযোগ্যদের অন্য দফতরে দেওয়ার কথা হচ্ছে। আমরা এটা মানব না। আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।'' মেহবুবের দাবি, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী শুধুমাত্র রিভিউ পিটিশনের দরজা খোলা রেখেছেন। এতে আদতে লাভ হবে কিনা, তাই ভেবে পাচ্ছেন না তাঁরা।
মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সরাসরি নিশানা, ''উনি দুর্নীতিবাজদেরও মুখ্যমন্ত্রী। যে দুর্নীতি হয়েছে তার দায় তিনি এড়াতে পারেন না। নবান্ন থেকে তিনি আসলে এক রাজনৈতিক ব্যক্তির মতোই ঘোষণা করেছেন।'' পরীক্ষার ঘোষণা নিয়ে আপত্তি জানিয়ে তাঁরা বলছেন, শেষমেশ যদি সকলকে পরীক্ষা দিতেই হয় তাহলে মুখ্যমন্ত্রী কীভাবে একাংশকে অন্য দফতরে সুযোগ দেওয়ার কথা বলছেন? বিষয়টি নিয়ে আদালতও সঠিক পর্যবেক্ষণ করেনি বলে মত তাঁদের। বক্তব্য, আদালত দায়িত্ব পালন করেনি আর রাজ্য সরকারই সেই সুযোগ করে দিয়েছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে (SSC New Recruitment)। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৪ হাজার ২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪ হাজার ২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এই ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, এসএসসি স্বশাসিত সংস্থা এবং মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সুপ্রিম কোর্ট এসএসসি-র মামলার বিজ্ঞপ্তি সংক্রান্ত নির্দেশ দিয়েছিল। তাহলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই নিয়ে ঘোষণা কীভাবে করতে পারেন, সেই প্রশ্নই তুলেছেন বিজেপি বিধায়ক।