
শেষ আপডেট: 11 March 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো: দিন তিনেক আগেই গেছে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস। নারী ক্ষমতায়নেরর ক্ষেত্রে যেসব ভারতীয় মহিলারা নিজেদের সাফল্যের শীর্ষে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন সুধা মূর্তি (Sudha Murty)। বিবিধ প্রতিভার অধিকারী সুধা মূর্তি একদিকে যেমন ইনফোসিসের চেয়ারপারসন, তেমনই একজন লেখিকা, সমাজকর্মী, এবং পরোপকারী মানুষ হিসেবে পরিচিত তিনি। ইতিমধ্যেই পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে তাঁকে ভূষিত করেছে ভারত সরকার। সেই সুধা মূর্তিকেই সম্প্রতি দেখা গেছে, আর পাঁচটা মানুষের মতো মন্দিরের মেঝেতে বসে ঐতিহ্যবাহী পোঙ্গলা (pongala) রান্না করছেন। পরনে সাদা শাড়ি, কালো ব্লাউজ, মুখে অমলিন হাসি। তার এমন ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral picture) হয়েছে, যা দেখে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।
জানা গেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি শুনকের শাশুড়ি-মা কেরলের তিরুঅনন্তপুরমের আট্টুকাল ভগবতী মন্দিরে পোঙ্গল উৎসবে অংশ নিয়েছিলেন। এই বছর প্রথমবারের জন্য সেই উৎসবে যোগ দিয়েছেন তিনি। সেখানেই খালি পায়ে, মেঝেতে হাঁটু গেড়ে বসে ঈশ্বরের ভোগ রান্নায় অংশ নিয়েছিলেন তিনি।
তাঁকে মন্দিরে ওই অবস্থায় দেখে বেশিরভাগ মানুষই চিনতে পারেননি। তবে সুধাকে চিনতে ভুল করেননি বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী তারুর। পোঙ্গল উৎসবে যোগ দিতে ওই মন্দিরে গিয়েছিলেন শশী। সেখানে সুধাকে দেখতে পেয়ে সেলফি তোলার সুযোগ ছাড়েননি তিনি। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'পুণ্যার্থীদের মধ্যে লেখিকা সুধা মূর্তিও আছেন। এই যে, আমার এবং ডিজিপি সন্ধ্যার সঙ্গে ওঁর ছবি।' সঙ্গে পুজোর অনুষ্ঠানের আরও একটি ছবিও পোস্ট করেন তিনি।
তারুর একা নন, দক্ষিণী অভিনেত্রী চিপ্পি রেঞ্জিত এবং আদানি ট্রান্সমিশনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও অনিল সারদানাও সুধা মূর্তির ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা দেখে সুধাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। তাঁর মাপের একজন মানুষ অহং বিসর্জন দিয়ে অতি সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে মিলে একইভাবে ভোগ রান্না করছেন, এতে আপ্লুত তাঁরা।
প্রসঙ্গত, বিভিন্ন সমাজসেবা মূলক কাজ, এবং শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ২০০৬ সালে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছিল তাঁকে। চলতি বছরেই পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন তিনি।
সতীশ কৌশিকের পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেল পুলিশ, ফার্ম হাউজে গেল তদন্তকারী দল