দ্য ওয়াল ব্যুরো: বিধাননগরে বিজেপি কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ অভিযান ঘিরে ধুন্ধুমার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি মিছিল বিধাননগর কমিশনারেটের দিকে এগোতে থাকলেই মাঝপথে পুলিশ বাধা দেয়। সেই বাধা পেয়ে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু।
এদিন প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যত পুলিশকে নিশানা করেছে বিজেপি বিধায়ক। তিনি এই বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি করেন, 'তৃণমূলের নির্দেশেই কাজ করছে না পুলিশ।'
এদিন তিনি বলেন, 'সেদিনের ঘটনার অপরাধী তিনজনকে চারদিন কেটে গেলেও ধরতে পারেনি পুলিশ। নির্বাচনের আগে শান্তি ফেরাতেই এই গ্রেফতারের কথা বলেছিলাম। পুলিশ নিষ্ক্রিয়।'
এরপরই তিনি বলেন, 'নির্বাচন কমিশনকে তৃণমূলের শাখা অফিসে পরিণত করেছে সৌরভ দাস। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চাই। রাজ্য পুলিশের গুন্ডা বাহিনী দিয়ে ভোট করানো যাবে না। এইজন্য আদালতেও মামলা করেছি।'
তিনি এদিন অভিযোগ করেন, 'বিজেপির হয়ে প্রচার করলেই হামলা করছে। এলাকায় বিজেপির পতাকা, ফেস্টন লাগাতে দিচ্ছে না। সিপিএমকে ছাড় দিয়েছে কারণ জানে ওরা অপ্রাসঙ্গিক। বিজেপিকে ভয় পাচ্ছে। তাই বিজেপিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে।' তবে এদিন তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে প্ৰশ্ন করা হলে কোনও উত্তর দিতে চাননি তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিজেপির বিধাননগরের নির্বাচনী কার্যালয়ে মহিলা কার্যকর্তাদের সঙ্গে তৃণমূলের গুন্ডাবাহিনী অশ্লীন আচরণের অভিযোগ তুলেছিল পদ্ম শিবির। সেই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধাননগর পুলিশ কমিশনারেট অফিস ঘেরাও অভিযান করে বিজেপি।