
শেষ আপডেট: 13 October 2023 17:47
দ্য ওয়াল ব্যুরো: সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুজোর আগেই রাজ্য বিধানসভায় পাশ হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ বিল। সেকারণেই স্পিকারের এই জরুরি তলব।
সূত্রের খবর, সোমবার অন্তত তিনটি বিল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে বিধায়ক, মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিলটিও।
গত ৭ সেপ্টেম্বর বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্য বিধানসভার মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বেতন বাড়াননি মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘোষণা করা বিধায়ক, মন্ত্রীদের ওই বেতন বৃদ্ধির বিলটি সোমবার বিধানসভায় পেশ করা হতে পারে। সেই সঙ্গে আরও দুটি গুরুত্বপূণ বিল পাশ হতে পারে।
এতদিন পশ্চিমবঙ্গ বিধানসভার পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ছিল ভাতা সহ ১ লাখ ১০ হাজার। মুখ্যমন্ত্রী ৪০ হাজার টাকা বৃদ্ধি করার পরে সেটা বেড়ে হল দেড় লাখ টাকা। একইভাবে রাষ্ট্র মন্ত্রীদের মোট বেতন ভাতা সহ ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। নতুন নিয়মে তাঁরা পাবেন ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। বিধায়কদের মোট বেতন ভাতা সহ ছিল ৮১ হাজার টাকা। এখন থেকে সমস্ত বিধায়কেরা প্রতি মাসে পাবেন ১ লাখ ২১ হাজার টাকা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই নিয়ে দু'বার বেতন বৃদ্ধি হল মন্ত্রী, বিধায়কদের। মূলত, বিধায়কদের জীবন ধারণের সুবিধার্থেই এই বেতন বৃদ্ধি করা হল বলে সরকার পক্ষের মত। এর ফলে দুর্নীতির প্রবণতাও কমবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
পুজোর মুখে বেতন বৃদ্ধির ঘটনায় স্বভাবতই খুশী মন্ত্রী, বিধায়কেরা। তবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে মন্ত্রী, বিধায়কদের ভাতা অনেকখানি কম। দিল্লির মতো ছোট রাজ্যে একেকজন বিধায়ক বেতন বাবদ মাসে পান ২ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়াও ভ্রমণবাবদ সরকার বছরে তাঁদের জন্য বরাদ্দ করেছে ৩ লক্ষ টাকা। উত্তরপ্রদেশে বিধায়কেরা মাসে পান ১ লক্ষ ৮৭ হা়জার টাকা। এবার এক ধাক্কায় মন্ত্রী, বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় সেই বৈষম্য অনেকখানি ঘুচল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।