
শেষ আপডেট: 17 June 2023 11:13
দ্য ওয়াল ব্যুরো: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে আসছে পাকিস্তান। এই নিয়ে জটিলতা ছিল। শেষমেশ পাক সরকার সেই দেশের জাতীয় দলকে খেলতে আসার অনুমতি দিয়েছে। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই বিষয়ে জানতে চায়। তারাও জানিয়ে দিয়েছে, পাক ফুটবল দলের আসতে সমস্যা নেই।
সাফের যা সূচি হয়েছে, তাতে ২১ জুন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা। ক্রিকেটে যখন দুই দেশের মধ্যে সিরিজ দূর অস্ত, সেইসময় ফুটবলের মহারণ ঘিরে আশার দোলাচল।
কর্ণাটক ফুটবল সংস্থার সচিব এম সত্যনারায়ণ এদিন এক প্রেস বিবৃতিতে বলেছেন, পাক দল আসছে খেলতে। ওরা মরিশাস থেকে বেঙ্গালুরু আসার বিমান ধরবে। পাক দল ছাড়াও নেপাল ও বাংলাদেশও শুক্রবার আসবে। এই মেগা আসরে কুয়েত আমন্ত্রিত অতিথি দল হিসেবে খেলবে।
পাক দল মরিশাসে একটি চতুর্দলীয় টুর্নামেন্টে খেলতে গিয়েছে। ওই দেশ থেকেই তারা আসবে ভারতে সাফ খেলতে। এদিন আবার মরিশাসের কাছে ৩-০ গোলে হেরেছে পাক ফুটবল দল।