দ্য ওয়াল ব্যুরো: বিস্ফোরক খুঁজে বার করাতে এর সমকক্ষ খুব কমই ছিল। বিপদসঙ্কুল স্থানে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেছে শত শত মৃত্যুপথযাত্রীকে। গোপন ডেরায় জঙ্গিদের লুকিয়ে রাখা আইইডি-র সন্ধান দিয়ে প্রাণ বাঁচিয়েছে সেনা অফিসার ও সাধারণ মানুষের। ডাচ। এই নামেই তাকে চিনত সেনা মহল। জওয়ানদের কাছে সে ছিল ‘হিরো।’ কেউ কেউ ডাকত ‘যোদ্ধা।’ বছর নয়েকের ডাচের মৃত্যুতে তাই শোকস্তব্ধ সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড।
ডাচ জাঁদরেল সেনা কুকুর। রীতিমতো প্রশিক্ষণ প্রাপ্ত। গুয়াহাটির ১৯ আর্মি ডগ ইউনিটের সেই ছিল সেরা। ২০১০ সালের এপ্রিল থেকে সেনার কাজে যোগ দেয় ডাচ। পশু হিসেবে নয়, তাকে একজন লড়াকু সেনা বলেই ভাবতেন জওয়ানরা। এমনকি সেনা-কুকুরদের অফিসারের পদেও নিয়োগ করা হয়েছিল ডাচকে।
ইস্টার্ন কম্যান্ডের এক সেনা কর্তার কথায়, গত বুধবার ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছিল ডাচের। একেবারেই স্বাভাবিক মৃত্যু। আগামী মাসেই অবসর নেওয়ার কথা ছিল তার। সেনা কর্তা জানিয়েছেন, বিশ্রাম নেওয়ার তেমন বাসনা নাকি ডাচের মধ্যে দেখা যায়নি। বয়স হলেও, একেবারে ঝকঝকে মেজাজের ছিল ডাচ। নিষ্ঠায় ফাঁকি ছিল না তার।
https://twitter.com/easterncomd/status/1172664858749235201?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1172664858749235201&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Farmy-dog-dutch-dies-at-9-real-hero-in-service-to-nation-2100817
একাধিক সেনা অভিযানের শরিক হয়েছে ডাচ। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর গুয়াহাটি সফরের আগে, কামাখ্যা এক্সপ্রেসে ৭ কিলোগ্রাম ওজনের আইইডি খুঁজে বার করেছিল ডাচ। ওই বছরই ডিসেম্বরে অসমের গোয়ালপাড়া জেলায় একটি বাসের ভিতর থেকে ৬ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করে সে। সেনা সূত্র জানিয়েছিল, ডাচ ঠিক সময় এই বিস্ফোরকের খোঁজ না দিলে বহু মানুষের মৃত্যু হত। তার সাহসের গল্প আছে অজস্র। গত ৯ বছরে বহু সেনা জওয়ানকে বাঁচিয়েছে ডাচ। প্রাণরক্ষা করেছে সাধারণ মানুষেরও। ২০১৫-১৬ সালে সাহসিকতার জন্য ইস্টার্ন কম্যান্ড ডাচকে জিওসি-সি পুরস্কারও দেয়।
প্রাক্তন সেনা কর্তা কলোনেল দিলীপ কুমার বোরা জানিয়েছেন, এক জন সেনা অফিসারের মৃত্যু হলে শেষকৃত্যে তাঁকে যে ভাবে সম্মান জানানো হয়, একটি সেনা কুকুরের মৃত্যুতে তেমনই সম্মান জানানো উচিত। দেশরক্ষায় তাদের অবদান কিছুমাত্র কম নয়। শনিবার সেনার ইস্টার্ন কম্যান্ডের মিডিয়া পেজে ডাচের শেষকৃত্যের ছবি পোস্ট করা হয়েছে। তাকে অন্তিম স্যালুট জানিয়েছেন সেনা কর্তারা।