
কুকুরের মুখে অপরিণত ভ্রূণ
শেষ আপডেট: 19 November 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: ৬ মাসের অপরিণত ভ্রুণ হাসপাতালের শৌচাগার থেকে তুলে নিয়ে গেল কুকুর। শৌচাগারেই অপরিণত ভ্রূণ প্রসব করেন মহিলা। অন্তঃসত্ত্বা মহিলার পরিবারের অভিযোগ ডাকাডাকি করেও কারও সাহায্য মেলেনি।
ঘটনাটা বাঁকুড়ার সোনামুখী হাসপাতালের। গত কাল রাতে পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে ছ'মাসের অন্তঃসত্ত্বাকে হাসপাতালে আনা হয়। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তাঁর ইউরিন টেস্টের কথা বলে। স্বাভাবিকভাবেই ওই প্রসূতি ইউরিন সংগ্রহের জন্য বাথরুমে যায়। সেই সময় শৌচাগারে অপরিণত ভ্রূণ প্রসব করেন মহিলা।
পরে ওই তাঁকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও ভ্রূণ সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন ওই অপরিণত ভ্রূণ দেখতে এলে দেখা যায় সেখানে আর নেই।
পরে দেখা যায় একটি কুকুর ওই অপরিণত ভ্রূণ মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। এরপরই পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনামুখী থানার পুলিশ ।
বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসাপাতালে রেফার করে দেয়। আপাতত সেখানেই ওই মহিলার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে।
ঘটনা নিয়ে ইতমধ্যেই হাসপাতালের নিরাপত্তা ও অসহযোগিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সময় যাঁরা ডিউটিতে ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সোনামুখী হাসপাতাল কর্তৃপক্ষ।