
নিজস্ব ছবি
শেষ আপডেট: 14 February 2025 23:41
দ্য ওয়াল ব্যুরো: জেলায় জেলায় জল মিশন প্রকল্পের সঙ্গে যুক্ত বহু পাম্প অপারেটরদের জমি বেআইনিভাবে দখল করে নেওয়া হয়েছে। এমনকী, টাকা বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হয়নি, পাশাপাশি চাকরির টোপ দেওয়া হয়েছিল। সে চাকরিও মেলেনি! সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বিরাট অভিযোগ তোলা হয়েছে। এই ব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে আন্দোলনকারীরা।
শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান ৭৫০ দিনে পড়েছে। সেই মঞ্চ থেকেই এখন জমি দখলের অভিযোগ তোলা হল। তাঁদের বক্তব্য, পাম্প অপারেটররা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে বলেছিলেন, এই কর্মীদের স্থায়ীকরণ করা হবে। কিন্তু তা হয়নি। উল্টে এখন জমি দখল করে নেওয়া হচ্ছে চাকরি দেওয়ার নাম করে। সরকার কোনও পদক্ষেপই করছে না।
আগামী ৩ এবং ৪ এপ্রিল এই ইস্যুতে পাম্প অপারেটররা সল্টলেক সেক্টর ফাইভে সংশ্লিষ্ট দফতরের সামনে ৪৮ ঘণ্টার অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে, তাঁরা জল সরবরাহের ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতা করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। এক আন্দোলনকারী জানিয়েছেন, পরিবারের তিনজনকে চাকরি দেওয়া হবে বলে জমি নেওয়া হয়েছিল। কিন্তু সে জমিতে কোনও কাজ হয়নি, এদিকে কেউ চাকরিও পায়নি। এখন বলা হয়েছে, লোক নেওয়া হয়ে গেছে! কারা নিল, কাদের নিল, কবে নিল, কিছুই তাঁরা জানেন না।
গত ১২ তারিখ রাজ্য বাজেট পেশ হয়েছে। সবথেকে বেশি বরাদ্দ হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, জনসভায় মুখ্যমন্ত্রী পাম্প অপারেটরদের নিয়ে ঘোষণা করলেও রাজ্য বাজেটে তার উল্লেখ করেননি। এই বিষয়টিই তাঁদের আরও বেশি দুঃখ দিয়েছে। তাই তাঁরা অবস্থান এবং বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, রাজ্য বাজেট ২০২৫-এ মোট প্রস্তাবিত বরাদ্দ অর্থের অঙ্ক হল, ৩ লক্ষ ৮৯ হাজার ১৯৪.০৯ কোটি টাকা (নিট)।