
শেষ আপডেট: 23 January 2023 04:40
দ্য ওয়াল ব্যুরো: রাস্তাজোড়া খানাখন্দ। মোটরসাইকেলের চাকা তাতে পড়তেই বাইক সমেত ছিটকে পড়েন দাদু। পা ভেঙে যায় তাঁর। সেই ঘটনার পর এবার নিজেই ইট-বালি-সিমেন্ট জোগাড় করে রাস্তার গর্ত মেরামত করতে শুরু করল অষ্টম শ্রেণির পড়ুয়া কিশোর (Teen Repairs Pothole)।
ঘটনাটি তামিলনাড়ুর পুদুচেরির (Puducherry)। ১৩ বছর বয়সি ওই কিশোরের নাম মাসিলামণি। দিনকয়েক আগেই পুদুচেরি-পাথুকান্নু রোডের উপর বাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তার দাদু। রাস্তার অবস্থা নাকি গত ৭ বছর ধরেই অত্যন্ত খারাপ। খানাখন্দে ভরা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যায় মাসিলামণির দাদুর বাইকের চাকা। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়ে যান তিনি। পা ভেঙে যায় তাঁর। শরীরের অন্যান্য অংশেও চোট লাগে। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
দাদুকে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখে তা সহ্য করতে পারেনি মাসিলামণি (Masilamani)। সে ঠিক করে, যে রাস্তার জন্য দাদুর এই অবস্থা, সেই রাস্তা তাকেই ঠিক করতে হবে। এরপর গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বালি, সুরকি এবং ইটের টুকরো জোগাড় করে সে। তারপর সিমেন্টের সঙ্গে তা মিশিয়ে রাস্তার গর্ত এবং অন্য ভাঙাচোরা অংশ মেরামত করে দেয় কিশোর।
'আমি চাই আর কেউ যেন আমার দাদুর মত দুর্ঘটনার কবলে না পড়ে,' জানিয়েছে মাসিলামণি।
কিশোরের এই পদক্ষেপে অত্যন্ত খুশি তার প্রতিবেশীরা। তাঁরা জানিয়েছেন, দীর্ঘ ৬-৭ বছর ধরে রাস্তার হাল অত্যন্ত খারাপ। প্রশাসনকে এ বিষয়ে বহুবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মাসিলামণির কাজে খুশি হয়ে তাকে শাল দিয়ে সম্বর্ধনা দিয়েছেন গ্রামের মানুষজন। এছাড়াও এলাকার প্রাক্তন বিধায়ক বায়াপুরী মণিকন্দন মাসিলামণিকে একটি বই উপহার দিয়েছেন।
মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ শুনতে হবে ডাক্তারি পড়ুয়াদেরও, জাতীয় সংস্থার নির্দেশে বিতর্ক