
শেষ আপডেট: 1 December 2023 18:36
দ্য ওয়াল ব্যুরো: বঞ্চিত চাকরিপ্রার্থীর নিয়োগের ব্যবস্থা করতে হবে, শুক্রবার সকালেই পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি নির্দেশ না মানা হয় তবে খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে রুল জারি করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সেই হুঁশিয়ারির পরেই পর্ষদের তরফে আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে, বঞ্চিত চাকরিপ্রার্থীর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২০১৪ সালের টেটে অংশ নিয়েছিলেন পল্লব বারিক নামে এক প্রার্থী। প্রথমে পর্ষদ জানায়, ওই পরীক্ষায় তিনি পাশ করেননি। তবে গত বছর পর্ষদ আবার জানায়, টেটে পাশ করেছেন পল্লব। ৯২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি।
টেট উত্তীর্ণ হয়েছেন জানতে পেরেই চাকরির দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন পল্লব। গত ২১ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই মামলার শুনানিতে নির্দেশ দেন, পল্লব যাতে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন তার ব্যবস্থা করে দিতে হবে পর্ষদকে।
তবে সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি বলে ফের অভিযোগ করেন পল্লব। শুক্রবার আদালত তার পর্যবেক্ষণে, বিষয়টি তুলে ধরে। এদিনের শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, পর্ষদ ইচ্ছাকৃতভাবে কেন আদালতের নির্দেশ কার্যকর করেনি? শুক্রবারের মধ্যেই নির্দেশ কার্যকর করতে হবে। তিনি এও বলেন, যদি চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না হয় তবে গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে।
সেই হুঁশিয়ারির পরই তৎপর হয় পর্ষদ। এদিন বেলা ৩টে ১৫ নাগাদ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইমেল মারফত আদালতকে জানিয়েছে, পল্লব বারিকের অ্যাপটিটিউড পরীক্ষা নেওয়া হয়েছে। তারপরই বিচারপতি জানান, আগামী ১৮ ডিসেম্বর ফলাফল সহ সমস্ত রিপোর্ট পর্ষদকে আদালতে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ওইদিনই।