.jpeg)
কলকাতা হাইকোর্ট।
শেষ আপডেট: 20 November 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: বেলডাঙার ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে শুক্রবারের মধ্যে রাজ্য ও কেন্দ্রকে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি ট্যান্ডন ও বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
শনিবার রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। ইতিমধ্যে সেখানে ২৪ ঘণ্টার জন্য জারি হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত ৮ জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে গড়িয়েছে জনস্বার্থ মামলা। ওই মামলায় এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আদালত রাজ্যের কাছে জানতে চায়, ঘটনার পরই কেন পুলিশ পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়নি।
রাজ্যের তরফে অবশ্য জানানো হয়েছে, সোশ্যাল মাধ্যমে ঘটনার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। সেগুলির ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ করা হয়েছে।
মামলাকারীদের তরফে অবশ্য পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। যদিও রাজ্যের পক্ষ থেকে ওই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। রাজ্যের দাবি, এলাকার আইনশৃঙ্খলা এখন নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। এরপরই আগামী শুক্রবার কেন্দ্র ও রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।