
শেষ আপডেট: 16 October 2023 20:40
দ্য ওয়াল ব্যুরো: জাল পাসপোর্ট মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করল সিবিআই। গত শনিবার থেকে কলকাতা এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিয়ান শুরু করেছে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্য়ন্ত প্রচুর পরিমাণ জাল পাসপোর্ট, আধার ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার বাজেয়াপ্ত করা অর্থের পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা।
তদন্তকারীরা মনে করছেন, মোটা টাকার বিনিময়ে সরাসরি জঙ্গিদের হাতে পৌঁছে যেতে জাল পাসপোর্ট। গোটা ঘটনার নেপথ্যে পাক গুপ্তচর সংস্থার হাত দেখছেন তদন্তকারীরা। জাল পাসপোর্ট মামলার তদন্তে নেমে উত্তরবঙ্গ থেকে আগেই ২ জনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে সোমবার আরও ৪ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতদের তালিকায় রয়েছে, এক পাসপোর্ট অফিসারও।
সূত্রের খবর, ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন, জাল পাসপোর্টের সাহায্যে বাংলাদেশ থেকে হিলি সীমান্ত হয়ে অন্যদিকে গ্যাংটক হয়ে উত্তরবঙ্গের মাধ্যমে রাজ্যে প্রবেশ করানো হত অনুপ্রবেশকারীদের। ধৃতদের জেরা করে তদন্তকারীরা নিশ্চিত হতে চাইছেন, এখনও পর্যন্ত ঠিক কতজনকে জাল পাসপোর্টের সাহায্যে এরাজ্যে ঢুকিয়েছে জঙ্গিরা।
তদন্তকারাী সংস্থা্ সূত্রের খবর, জাল পাসপোর্ট চক্রের কাজে সক্রিয় ছিল জেএমবি এবং আকিসের মতো জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলের সদস্যরাও। তাঁরাই মূলত মোটা অঙ্কের টাকার বিনিময়ে দার্জিলিংয়ের সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসারকে কব্জা করেছিলেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, বাংলাদেশের পাশাপাশি নেপাল সীমান্তকেও অনুপ্রবেশের জন্য ব্যবহার করত জঙ্গিরা।জাল পাসপোর্ট চক্রের বেশ কিছু এজেন্টের তালিকা ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাদের খোঁজেই গত শনিবার থেকে কলকাতা এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।