
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 19 May 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: ভোট প্রচারে রবিবারই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। কাকতালীয়ভাবে এদিনই তৃণমূলে যোগ দিলেন বিজেপির ঝাড়গ্রামের বর্তমান সাংসদ কুনার হেমব্রম।
ঝাড়গ্রাম আসনে এ বার কুনারকে প্রার্থী করেনি বিজেপি। কুনারের দাবি, "তিনি দলের কিছু নীতির সঙ্গে সহমত হতে পারেননি। বিরোধিতা করেছিলেন। তাই তাঁকে আর প্রার্থী করা হয়নি।"
আগেই দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিজেপির বিদায়ী সাংসদ। তবে ভোটের মাঝে, বিশেষত মোদীর বাংলা সফরের মাঝে তিনি যে এভাবে তৃণমূলে যোগ দেবেন, সে খবর অনেকের কাছেই ছিল না।
ঝাড়গ্রামে এবারে তৃণমূল প্রার্থী করেছে সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেনকে। রবিবার কালীপদবাবুর সমর্থনে নয়াগ্রামের ছাতিনাশোল ফুটবল গ্রাউন্ডে সভা করেন অভিষেক। সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সভাপতির কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন কুনার।
প্রচন্ড গরম উপেক্ষা করেও রবিবার ছুটির দুপুরে নয়াগ্রামে অভিষেকের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১০০ দিনের কাজ, আবাস-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টেনে এনে অভিষেক বলেন, "বিজেপি জঙ্গলমহলের মানুুষকেও বঞ্চিত করেছে। তপসিলি জনজাতিকেও উপেক্ষা করেছে। তার সব থেকে বড় প্রমাণ ঝাড়গ্রামের পাঁচ বছরের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম।"
অভিষেক এও বলেন, "‘যাঁরা কুড়মি আন্দোলন করছেন, তাঁদের মুখে কখনও ‘জয় শ্রীরাম’ স্লোগান থাকতে পারে না।’’
গত লোকসভা ভোটে ঝাড়গ্রাম থেকে ১১ হাজার ৭৬৭ ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির কুনার হেমব্রম। তৃণমূল তো বটেই, বিজেপির কাছেও ঝাড়গ্রাম আসনে জয় অপ্রত্যাশিত ছিল। তবে শুধু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নয়, উনিশের ভোটে সামগ্রিকভাবে জঙ্গলমহলে ভাল ফল করেছিল বিজেপি।
এবারে তাই গোড়া থেকেই ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহল নিয়ে বাড়তি তৎপর রয়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যে জঙ্গলমহলে সভা করে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আগে সভা করেছেন অভিষেকও।
অন্যদিকে রবিবারই দুদিনের নির্বাচনী প্রচারে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলায় তাঁর উপস্থিতির মধ্যে অভিষেক যেভাবে গেরুয়া শিবিরের একজন সাংসদকে তৃণমূলে যোগদান করালেন, ভোটের মুখে তা অনেকের মতেই 'মাস্টারস্ট্রোক'।
বস্তুত, ২৫ মে ঝাডগ্রাম লোকসভা আসনে ভোট। ভোটের মুখে কুনারের দল বদল বিজেপির বিড়ম্বনা কতখানি বাড়াল তা নিয়েও চর্চা শুরু হয়েছে। যদিও কুনারের দল বদল নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।