
শেষ আপডেট: 18 June 2023 03:35
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নাতনির নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে গ্রেফতার দূর সম্পর্কের এক দাদু। শুক্রবার মুজিবর রহমান মল্লিক নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার সাইবার থানার পুলিশ। প্রথমে ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর নিজের প্রেমিক রমজান মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন ওই মেয়েটি। যদিও পরে পুলিশের কাছে রমজান দাবি করেন, তিনি এসব কিছুই পোস্ট করেননি। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রমজান নয়, মেয়েটির দাদু মুজিবর রহমানই নিজের মোবাইল থেকে ছবিগুলি আপলোড করেছিল।
পুলিশ সূত্রে খবর, গত ৩১মে ওই মেয়েটি থানায় এসে জানান, তাঁর প্রেমিক রমজান ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে তা বন্ধুবান্ধবদের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। শুধু তাই নয়, তাঁর মায়েরও আপত্তিকর ছবি তুলে পাঠাতে বলে রমজান, এমনই জানান ওই অভিযোগকারিণী। এরপরই গত ১ জুন তাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জেরায় রমজান বলেন, তিনি তাঁর প্রেমিকার নগ্ন ছবি তুলেছেন, কিন্তু সেগুলি কোথাও শেয়ার করেননি। এরপরই তদন্ত শুরু হয়।
ডায়মন্ড হারবার সাইবার থানার পুলিশ সেই সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে চিঠি পাঠায়, যেখানে ছবিগুলি আপলোড করা হয়েছিল। কোন মোবাইল নম্বর থেকে ছবিগুলি ছড়ান হয়েছিল, তা জানতে চান তদন্তকারী অফিসাররা। এরপরই তদন্তকারীরা জানতে পারেন, রমজান নন, ওই মেয়েটির দাদু মুজিবর রহমানের মোবাইল থেকেই ছবিগুলি আপলোড করা হয়েছিল। তিনি অভিযোগকারিণীর মায়ের মামা। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। আপাতত তাঁকে জেরা করে তদন্ত শুরু হয়েছে।
হরিদেবপুরের বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু! প্ররোচনার অভিযোগে গ্রেফতার ভাই ও ৩ প্রোমোটার