
শেষ আপডেট: 14 March 2023 18:18
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক (HS exam 2023)। পরীক্ষার সময় যাতে কোনও গোলমাল না হয়, সে জন্য বেশ কড়াকড়ি ব্যবস্থা করেছিল শিক্ষা সংসদ। কিন্তু বড় গন্ডগোল হয়ে গেল প্রশ্নপত্রেই। পরীক্ষার প্রথম দিনেই বাংলার প্রশ্নপত্রে (Bengali questions) ছাপার ভুলে আইসিএসের বদলে নেতাজি (Netaji) হয়ে গেলেন আইএএস পরীক্ষায় উত্তীর্ণ।

এদিন দুপুরে সেই প্রশ্নপত্রের ছবি প্রকাশ্যে আসতেই নতুন বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শেষে মুখ খুলেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও। তিনি নিজেদের ভুল একপ্রকার স্বীকার করে নিয়েই জানান, "বাংলা বিষয়ের প্রশ্নপত্রে নেতাজি নিয়ে একটি প্রশ্নে মুদ্রণের ভুল হয়েছে। ছাপার জন্য প্রশ্নপত্র পাঠানোর সময় তাতে 'আইসিএস' লেখা ছিল। ছাপার সময় তা ভুলবশত আইএএস' হয়ে গিয়েছে। এটা একেবারেই ছাপার ভুল।"
তবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন। চিরঞ্জীববাবু বলেন, "প্রশ্নের মধ্যে নেতাজি নিয়ে প্রবন্ধে ভুলবশত আইসিএসের বদলে আইএএস লেখা আছে। পরীক্ষার্থীরা যদি সেই প্রবন্ধ লেখার সময় 'আইএএস'-ই লেখেন, তবে তাঁদের ভুল ধরা হবে না বা নম্বরও কাটা যাবে না। তাঁদের লেখার মান বিচার করেই নম্বর দেওয়া হবে।"
উচ্চমাধ্যমিক শুরু মঙ্গলবার, তার আগেই আত্মঘাতী হিঙ্গলগঞ্জের ছাত্র