
শেষ আপডেট: 26 May 2023 08:21
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাতেই নতুন বাড়িতে ভাড়া এসেছিলেন দম্পতি। সকালে ঘর থেকে উদ্ধার হল স্ত্রী-র মৃতদেহ (Wife Deadbody Recover)। স্বামী বেপাত্তা! শুক্রবার এই ঘটনা ঘিরে আলোড়ন পড়েছে কাটোয়ার (Katwa) শহরের পালপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুমিত্রা পণ্ডিত। বছর তেত্রিশের সুমিত্রার বাড়ি পূর্বস্থলীর নিমদহ পঞ্চায়েতের ঘোষপাড়া গ্রামে।
বাড়ির মালিক গোপাল কোঁয়ারের স্ত্রী পিঙ্কিদেবীর জানান, ‘এদিন সকালে সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই বধূ উল্টে মাটিতে পড়ে রয়েছেন। ভয়ে প্রতিবেশীকে ডাকাডাকি শুরু করি। তাঁরাও ছুটে আসেন। পরে বিষয়টি খতিয়ে দেখে বুঝতে পারি ওই বধূ মৃত অবস্থায় পড়ে রয়েছেন।’
অন্যদিকে গোপালবাবু জানান, বৃহস্পতিবার স্বামী সন্তু পণ্ডিতকে নিয়ে ঘর ভাড়া নিতে এসেছিলেন সুমিত্রা। ভদ্র-সভ্য দম্পতিকে দেখে মনেই হয়নি, এমন কোনও কিছু ঘটতে পারে।
ওই দম্পতির এক আত্মীয় সেই এলাকায় থাকেন। তাঁদের সূত্রেই ওই বাড়িতে ভাড়া নিতে এসেছিলেন সুমিত্রা ও সন্তু। সেই আত্মীয় জানান, রাতে দম্পতি তাঁদের বাড়িতে খাওয়া-দাওয়া করেছিলেন। সন্তুকে চিনলেও তিনি সুমিত্রাকে চিনতেন না। ফলে আদৌ সুমিত্রা সন্তুর স্ত্রী কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।

ঘটনার পর কাটোনা থানাকে খবর দিয়েছিলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইসি সহ পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাসও। পুলিশের অনুমান, স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেছে সন্তু। দাম্পত্য কলহের জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘর থেকে মহিলার প্যান কার্ড, একটি মোবাইল ফোন সহ কাপড়-জামার ব্যাগ উদ্ধার করে পুলিশ।
পুলিশসূত্রে জানা যায় দিনমজুর সন্তু তার আত্মীয় আঙুর পণ্ডিতকে ঘর দেখে দিতে বললে পাড়ার বাসিন্দা গোপাল কোঁয়ারের ঘরে ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সেই ব্যক্তি। পলাতক সন্তু পণ্ডিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঝড়জল চলবে রাজ্যজুড়ে, কোন কোন জেলায় সতর্কতা? কবে থেকে ফের চড়বে তাপমাত্রা