
শেষ আপডেট: 21 August 2023 09:17
দ্য ওয়াল ব্যুরো: ৯ অগস্টের অভিশপ্ত রাতে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছলেও তাঁদেরকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে (Why police was not allowed to enter Jadavpur that night)। ইতিমধ্যে এবিষয়ে পুলিশের তরফে পৃথক একটি মামলা রুজু করে ঘটনার তদন্তও শুরু হয়েছে। এবার এই বিষয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কৈফিয়ত চাইল কলকাতা হাইকোর্ট।
আদালতের প্রশ্ন, যাদবপুরে সেই রাতে পুলিশকে কেন ঢুকতে দেওযা হয়নি (Why police was not allowed to enter Jadavpur that night)। আগামী দু’সপ্তাহের মধ্যে এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাবদিহি করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নকেও মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
গত ৯ অগস্ট যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেন তৃণমূলের সুদীপ রাহা। সুদীপের আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপধ্যায় এদিন মামলার শুনানিতে আদালতকে বলেন, “ছাত্র মৃত্যুর ঘটনার পরও কর্তৃপক্ষের টনক নড়েনি। এই নিয়ে সংবাদমাধ্যমে হইচই না হলে কর্তৃপক্ষ আদৌ কোনও পদক্ষেপ করত কি না সন্দেহ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পুলিশকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেন পুলিশকে ঢুকতে দেওয়া হল না, তার কৈফিয়ত তো কর্তৃপক্ষকেই দিতে হবে।“
রাজ্যের আইনজীবী আদালতকে বলেন, "ঘটনার পর একটা ট্রমা কাজ করছে হস্টেলের ছাত্রদের মধ্যে। ওই ব্লকের ছাত্রদের সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এরই মাঝে রাজনৈতিক দলের নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করছে। সিসিটিভি বসতে গেলে হাঙ্গার স্ট্রাইক করছে একাংশ স্টুডেন্ট।“
মামলার শুনানিতে বিচারপতির পর্য়বেক্ষণ, ‘হস্টেলের ব্যাপারটা হস্টেল সুপার চাইলে সামলাতেই পারতেন।’ এরপরই সেই রাতে হস্টেলে পুলিশ কে ঢুকতে না দেওয়ার কারণ জানানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কৈফিয়ত তলব করেন বিচারপতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নকেও মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ২৮ অগস্ট।
আরও পড়ুন: অভিশপ্ত রাতে ঠিক কী ঘটেছিল যাদবপুরের হস্টেলে, মৃত ছাত্রের ডামি মডেল নিয়ে ঘটনার পুনর্নির্মাণ