
শেষ আপডেট: 20 June 2022 08:47
দ্য ওয়াল ব্যুরো: ডব্লিউবিসিএস পরীক্ষা (WBCS) দিলেন এক বিচারাধীন বন্দি। নদিয়ার রানিনগর হাইস্কুলে পরীক্ষা দেন তিনি। তাঁর নাম ইউনুস মল্লিক। জানা গেছে ইউনুসের বাড়ি নদিয়ার নাকাশি পাড়ায়। ঘটনাচক্রে একটি অভিযোগের ভিত্তিতে সংশোধনাগারে রয়েছেন তিনি।
রবিবার পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থী তথা বিচারাধীন বন্দি ইউনুস মল্লিক বলেন, 'পরীক্ষার প্রস্তুতি অনেক দিন ধরেই নিচ্ছিলাম। তারই মধ্যে একটা ঘটনাচক্রে জেলা এসেছি।' তিনি জানান, কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রিকের সহযোগিতায় পরীক্ষা দিতে আসা হয়েছে। ডব্লিউবিসিএস (WBCS) অফিসার হওয়া তাঁর স্বপ্ন। পরীক্ষা না দিতে পারলে স্বপ্নের প্রথম ধাপটাই পার করা হতো না।
রানিনগর হাইস্কুলের প্রধান শিক্ষক আবু হেনা মুস্তাফা কালাম জানান, তাঁর স্কুলে এমন একজন পরীক্ষা দিতে আসায় তাঁর ভাল লাগছে। নদিয়া থেকে এই প্রথম কোনও বিচারাধীন বন্দি ডব্লিউবিসিএস পরীক্ষা দিলেন। কোনও ভাবে তিনি হয়তো বিচারাধীন রয়েছেন, তা সত্বেও যে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহ হারাননি, এটি আশার কথা বলে জানান তিনি।
প্রশ্ন উঠতে পারে, বিচারাধীন ব্যক্তি কি সরকারি চাকরি পেতে পারেন?
জবাবে বলা যায়, বিচারাধীন ব্যক্তিকে কখনও অপরাধী বা দোষী বলা যায় না। কারণ, তিনি দোষ বা অপরাধ করেছেন কিনা তা প্রমাণিত নয়। তিনি দোষী সাব্যস্ত বা সাজাপ্রাপ্ত নন। বরং নির্দোষ হিসাবে তাঁর সসম্মানে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিচারাধীন ব্যক্তি সরকারি চাকরির পরীক্ষায় বসতেই পারেন বা চাকরি পেতে পারেন।