
শেষ আপডেট: 2 January 2023 07:22
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সাতসকালে গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি বাঁধাল দুই নাবালক (Two minors)। ডুমুরজলায় (Dumurjala) মর্নিংওয়াক করতে আসা মানুষদের আটটি বাইক (eight bikes) ও সাইকেলে পরপর ধাক্কা মারে তারা। অল্প বিস্তর আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে বরাতজোরে বড় কোনও বিপদ হয়নি।
হাওড়ার ডুমুরজলায় প্রতি সকালেই মর্নিংওয়াক করতে আসেন স্থানীয় মানুষজন। ফাঁকা রাস্তা থাকায় গাড়ি চালানো শিখতেও চলে আসেন অনেকেই। সোমবার সকালে এই পথে গাড়ি চালানো শিখতে এসেছিল ওই দুই নাবালক। দূর দূর থেকে আসা প্রাতঃভ্রমণকারীরা রাস্তার ধারে সাইকেল ও বাইক রেখে সকালের হাঁটা সারেন। দাঁড় করিয়ে রাখা এই বাইক ও সাইকেলগুলিকে পরপর ধাক্কা দেয় তারা।
তাদের গাড়ির ধাক্কায় জখমও হয়েছেন কয়েকজন। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায়। গাড়ি-সহ ওই নাবালকদের আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে গাড়ি চালানো শিখতে এসে প্রায় দুর্ঘটনা ঘটে। তাই সকালে হাঁটার সময় এই রাস্তায় গাড়ি চালানো শেখা বন্ধ রাখার জন্য বারবার পুলিশ-প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।
তাঁরা বলেন, যারা গাড়ি চালানো শিখছে তাদের সবার অপটু হাত। অন্যদিকে যাঁরা মর্নিংওয়াকে আসেন তাঁরাও তখন হাঁটার দিকেই বেশি মনোযোগী থাকেন। তাই বারবার দুর্ঘটনা ঘটছে। এদিন দুই নাবালক নিজেরাই গাড়ি নিয়ে ওই রাস্তায় ঢুকে পড়েছিল। কোনও প্রশিক্ষক তাদের পাশে ছিলেন না। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। কোনওমতে রক্ষা পাওয়া গেছে। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পুলিশ দুই নাবালককে আটক করে থানায় নিয়ে যায়।
ববিতা হাইকোর্টে গেলেন, পরেশের মেয়ের জায়গায় পাওয়া চাকরি নিয়ে উঠেছিল প্রশ্ন