
শেষ আপডেট: 8 September 2023 09:35
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ৪০০০-এর বেশি ভোটের ব্যবধানে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে (Dhupguri by election) জয়লাভ করল তৃণমূল (TMC)। দশম রাউন্ড গণনা শেষে ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় কয়েক রাউন্ড আগেই ভোটের লড়াই থেকে ছিটকে গিয়েছিলেন। লড়াই চলছিল বিজেপি প্রার্থী তাপসী রায় বনাম তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের। আর সেখানেই শেষ হাসি হাসল জোড়াফুল শিবির।
ভোটের কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন তাপসী রায়। তাঁকেই প্রার্থী করেছিল গেরুয়া শিবির। কিন্তু ভোটে জিততে পারেননি। এদিন হারার পর তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যাক্টরই শেষের দিকে বিজেপি থেকে তৃণমূলে ভোট সুইং করিয়েছে।
ধূপগুড়িতে প্রচারে এসে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে। এই প্রতিশ্রুতিই তৃণমূলের দিকে ভোট টানতে পারে বলে ধারণা করছেন দল বদলে সদ্য বিজেপিতে যাওয়া তাপসী।
উল্লেখ্য, ধূপগুড়িতে তৃণমূল জয়লাভ করলেও কত ভোট পেয়েছে দল, তা এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি। পরে ঘোষণা করা হলে প্রতিবেদনে জুড়ে দেওয়া হবে।
ধুপগুড়িতে বাম-কংগ্রেসের ভোট ধুয়ে চলে গেল বিজেপিতে, ঈশ্বরও বাঁচাতে পারলেন না