
শেষ আপডেট: 11 December 2022 06:09
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা (TET 2022)। রাজ্যের ১৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যেই ঢুকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। ১২টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ১১টার পরেই হলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রশাসনের তরফে টেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল আটকাতে যথাসম্ভব কড়া নিরাপত্তার (tight security) ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলিতে সরাসরি ভিডিওগ্রাফির ব্যবস্থা রয়েছে তো বটেই, সেই সঙ্গে চাকরিপ্রার্থীদের জুতো খুলিয়েও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।
বিধাননগরের একটি স্কুলে এমনই দৃশ্য নজরে পড়েছে, যেখানে নিরাপত্তাকর্মীরা এক পরীক্ষার্থীকে জুতো খুলিয়ে তা চেক করে নিশ্চিত হওয়ার পরেই হলে ঢুকতে দিয়েছেন। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল,বায়োমেট্রিক পরীক্ষার পর পুরোমাত্রায় তল্লাশি করে তবেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। ব্যাগ কিংবা মোবাইল সহ কোনও রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে ঢোকা যাবে না। কোনও পরীক্ষার্থীর কাছ থেকে তেমন কিছু মিললে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি গৌতম পাল।
প্রায় সমস্ত পরীক্ষাকেন্দ্রে ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে, যা সরাসরি দেখা যাবে কন্ট্রোল রুম থেকে। কোনওরকম সমস্যায় পড়লে ৬২৯২২৭৮৪৩৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করে পর্ষদকে জানানো যাবে।
টেট পরীক্ষা শুরুর আগেই চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ১০ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষার প্রশ্ন জানতে চেয়ে ইতিমধ্যেই ফোন আসছে তাঁর কাছে। শুভেন্দুর বক্তব্যের পর স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রেখে টেট পরীক্ষা নেওয়া পর্ষদ সহ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন ফাঁসের আশঙ্কার বিষয়ে প্রশ্ন করা হলে শনিবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল জানান, 'কারা গন্ডগোল পাকাতে পারে তা আমরা জানি। তবে সেটা এখনই বলতে চাইছি না। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা কারা?'
প্রসঙ্গত, এই বছর টেট পরীক্ষায় বসছেন ৬ লক্ষ ৯০ হাজারের বেশি চাকরিপ্রার্থী। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল ৯.৩০ থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারা যাবে বলে জানিয়েছিল সরকার। তবে ১১টার পর আর কাউকেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে দুই দিনাজপুর, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং মালদহের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।
১২টা থেকে শুরু টেট পরীক্ষা, ৭ লক্ষ চাকরিপ্রার্থীর সঙ্গে সরকারেরও অগ্নিপরীক্ষা আজ