
শেষ আপডেট: 24 July 2023 09:12
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সামনে থেকে বাঘে তুলে নিয়ে গেল স্বামীকে। তারপর থেকেই আর খোঁজ মেলেনি তাঁর। নিখোঁজ মৎস্যজীবীর নাম অনশ্বর ফকির (৫৫)। বাড়ি কাকদ্বীপ (Kakdwip) থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে।
৯ জুলাই স্ত্রী ভগবতীকে নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবনের জঙ্গলের রওনা দিয়েছিলেন অনশ্বর। তারপর থেকে স্বামী-স্ত্রী দুজনে মিলে সুন্দরবনের প্রত্যন্ত খাড়িতে কাঁকড়া ধরার কাজ চালিয়ে যাচ্ছিলেন। রবিবার বিকেলে সুন্দরবনের কস্তুরী খাল এলাকায় কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে অনশ্বরকে আক্রমণ করে। তাঁর স্ত্রী কিছু বুঝে ওঠার আগেই টানতে টানতে জঙ্গলে নিয়ে যায়।
দিশেহারা ভগবতীদেবীর হাহাকার শুনে কাছেপিঠে থাকা মৎস্যজীবীরা ছুটে আসেন। তাঁরাই গ্রামের মানুষজনকে ফোন করে ঘটনার কথা জানান। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানা ও বন দফতরকে। তারপরেই খোঁজ শুরু হয়। যদিও এখনও পর্যন্ত ওই মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খাঁড়িতে মাছ ধরতে গিয়ে এর আগেও বহু মৎস্যজীবী বাঘের হানায় প্রাণ হারিয়েছেন। আবার বরাত জোরে বেঁচেও গেছেন অনেকে। সঙ্গীসাথীরা রুখে দাঁড়িয়ে বাঁচিয়ে দিয়েছেন তাঁদের। সময় যত এগোচ্ছে, অনশ্বর ফকিরকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে কীনা তা নিয়ে সংশয় বাড়ছে।
আরও পড়ুন: স্কুলের শৌচালয়ে ছাত্রীকে ধর্ষণের নালিশ, পার্শ্ব শিক্ষক গ্রেফতার