
শেষ আপডেট: 25 August 2021 16:13
তন্ময়ের এই কমেন্টের রিপ্লাইয়ে আবার শ্রীলেখা লিখেছেন, “আমাকে তো এখন নিজের দলের ছেলেরাই যা খুশি লিখছে তন্ময় দা। কষ্টটা সেজন্য নয়, বরং রাগ হচ্ছে নিজের প্রতি বাচ্চাটাকে হারানোর জন্য।”
কুকুর দত্তক নিয়ে তাকে মেরে ফেলেছে বলে মঙ্গলবারই উত্তর ২৪ পরগনার তরুণ সিপিএম নেতা শশাঙ্ক ভাবসারের বিরুদ্ধে ফেসবুকে ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিযোগ করেছিলেন, তাঁর সঙ্গে ডেটে যাওয়ার লোভেই শশাঙ্ক কুকুরটাকে দত্তক নিয়েছিলেন। তারপর সেটাকে মেরে ফেলেছেন এই রেড ভলান্টিয়ার।
মঙ্গলবার তা নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার পর বুধবার তা অন্যদিকে মোড় নেয়। অভিযোগ, শ্রীলেখা লোক পাঠিয়ে শশাঙ্কর উপর হামলার ঘটনা ঘটিয়েছেন। তাঁকে মারধর করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রীলেখা প্রথম পোস্ট যে দময়ন্তী সেনকে ট্যাগ করেছিলেন, তিনি গিয়ে শশাঙ্ককে চর-থাপ্পড়-লাথি মারছেন। কান ধরে ওঠবস করাচ্ছেন। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। শশাঙ্ক থানায় এফআইআরও দায়ের করেছেন।
সিপিএমের একটি অংশের দাবি, শ্রীলেখার লোকজন ফেসবুকে হুমকি দেওয়ার পর এদিন শশাঙ্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। বাড়ি থেকে বের করে তরুণ নেতাকে হেনস্থা করা হয়। যা নিয়ে একাধিক সিপিএম কর্মী সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখার বিরুদ্ধে গর্জে উঠেছেন।
দলের নেতাদেরও চোখে আঙুল দিয়ে শ্রীলেখার আসল রূপ দেখিয়ে দিতে চেয়েছেন অনেক সিপিএম কর্মী। নৈহাটির ডিওয়াইএফআই নেতা অভীক সেনগুপ্ত ফেসবুকে লিখেছেন, “সিপিএম নেতৃত্বের প্রতি অনুরোধ যাকে তাকে স্টেজে তুলে দিয়ে কমরেড বানানোর অপচেষ্টা বন্ধ করুন। রিজেক্টেড/স্ক্র্যাপ মেটেরিয়াল চিনতে শিখুন।” কেউ কেউ লিখেছেন, এসব সেলিব্রিটি নিয়ে কমিউনিস্ট পার্টির আদিখ্যেতা বন্ধ করা উচিত। সিপিএম নেতাদের বোঝা উচিত, এঁরা কেউ উৎপল দত্ত বা ঋত্বিক ঘটক, মৃণাল সেন নন।
একুশের ভোটের কয়েক মাস আগে থেকেই সিপিএমের মঞ্চে আবির্ভাব হয় শ্রীলেখার। বেশ কিছু কেন্দ্রে প্রচারেও গিয়েছিলেন তিনি। সিপিএমের অনেকে যেমন শ্রীলেখাকে নিয়ে আহ্লাদিত ছিলেন তেমন বিরক্তও ছিলেন অনেকে। তাঁদের বক্তব্য, যাঁদের সঙ্গে পার্টির কোনও কালে সম্পর্ক ছিল না হঠাৎ করে তাঁরাই সাংস্কৃতিক আন্দোলনের পরাকাষ্ঠা সাজতে চাইছে। তবে তন্ময় শ্রীলেখাকে সান্ত্বনা দিতে চাইলেন। দুঃখ পেতে বারণ করলেন।