
শেষ আপডেট: 3 July 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিমূল্য সবজি-বাজার। লঙ্কা, টমেটো সহ কাঁচা আনাজের দাম ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে। স্বভাবতই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এই অবস্থায় মূল্যবৃদ্ধি এবং জিনিসপত্রের কালোবাজারি আটকাতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আজ সোমবার থেকেই বিভিন্ন জায়গার বাজারে হানা দিতে চলেছে প্রশাসনের টাস্ক ফোর্স (Task force at vegetable markets) । সেই সঙ্গে ভবানীপুরের যদুবাবুর বাজারের সামনে তৃণমূলের তরফে বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই দাম উত্তরোত্তর বাড়ছিল কাঁচা আনাজের। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, শহরতলির বাজারগুলিতে কাঁচালঙ্কা বিকোচ্ছে ৩০০ টাকা কিলো দরে। দু’ দিন আগেও এই লঙ্কা কিনেছে কেউ কেউ ৮০ থেকে ১০০ টাকায়। বেগুন থেকে শুরু করে উচ্ছে, করলা সবকিছুর দাম ১০০ পার করে গেছে। সবজির আগুন দাম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরই নির্দেশে শনিবার সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেদিনের বৈঠকের পরেই তিনি জানিয়েছিলেন, রবিবার থেকে বাজারগুলি পরিদর্শন করবে টাস্ক ফোর্স। আগামী দশ দিনের মধ্যে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে নবান্ন।
সোমবার সকালে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের একটি দল অভিযান শুরু করে বিধাননগর থেকে। বিধাননগরের এবিএসই মার্কেটে যৌথভাবে হানা দেয় টাস্ক ফোর্স ও বিধাননগর পুলিশের একটি দল। টাস্ক ফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে বাজারের সবজি বিক্রেতাদের সঙ্গে এদিন কথা বলেন। তিনি জানতে চান, সবজির কেনা দাম এবং বিক্রির দামের মধ্যে এত পার্থক্য কেন?
বেশি লাভ করার জন্য অতিরিক্ত দামে সবজি বিক্রি না করার জন্য বিক্রেতাদের নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, বিধাননগরের এবিএসই মার্কেট পরিদর্শনের পর বিডি মার্কেট সহ শহরের আরও বেশ কয়েকটি বাজার পরিদর্শন করবে এই টাস্ক ফোর্স। এদিন তৃণমূলের তরফেও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য যদুবাবুর বাজারে জমায়েতের ডাক দেওয়া হয়েছে ।
শুধু টাস্ক ফোর্স গঠনই নয়, মধ্যবিত্তের দুশ্চিন্তা কমাতে সুফল বাংলার স্টলে ন্যায্যমূল্যে সবজি বিক্রির ব্যবস্থাও করছে নবান্ন। শনিবারের বৈঠকে ঠিক হয়েছে, টমেটো, করলা, পটল, বেগুন, ঢ্যাঁড়সের মতো আনাজ সুফল বাংলা বিপণিতে অন্তত ২০-২৫ শতাংশ কম দামে পাওয়া যাবে। খুচরো বাজারে টমেটোর দাম কেজি প্রতি ৯৯ টাকা। সুফল বাংলায় তা পাওয়া যাবে ৮৯ টাকায়। বাজারে কিলো প্রতি ৭৮ টাকায় বিক্রি হচ্ছে করলা। সুফল বাংলায় পাওয়া যাবে কেজি প্রতি ৬৫ টাকায়। বেগুন মিলবে ৭০ টাকায়। পটল কেজি প্রতি ২৩ টাকা, ঢ্যাঁড়স ৪৫ টাকায়।
কেন বেড়েছে সবজির দাম, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর নেই ব্যবসায়ীদের কাছে। সরকারি সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির জন্য ফলন কম হয়েছে, ভিনরাজ্য থেকে সবজি আনতেও সমস্যা হচ্ছে। সাধারণত এইসব সবজি আসে কর্নাটক থেকে। সেখানেও ঘাটতি দেখা গিয়েছে। ফলে গত ৭ থেকে ১০ দিন ধরে খুচরো ও পাইকারি বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা আনাজের দাম।
মোদী মন্ত্রিসভায় রদবদল? বাংলা থেকে বাদ পড়তে পারেন দুই মন্ত্রী