দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: অনশন মঞ্চে মেডিক্যাল টিম বসানোর দাবিতে শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম-লোধাশুলি ৫ নম্বর রাজ্য সড়কের সারদাপীঠ মোড় অবরোধ করলেন কুর্মীরা। তাঁদের তফশিলিভুক্ত করা সহ মোট ২৬ দফা দাবিতে চারদিন আগে ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন কুর্মী সমন্বয় মঞ্চ। কিন্তপ সরকারের তরফে কোনও সাড়া না মেলায় বৃহস্পতিবার বিকেল থেকে আমরণ অনশনে বসেছেন তাঁরা।
কুর্মী নেতা রঞ্জিত মাহাতো বলেন, ‘‘অনশনের আজ দ্বিতীয় দিন। অথচ প্রশাসন কোনও সাড়া দেয়নি। অনশনে বসলে সরকারি ভাবে সেখানে একটা মেডিক্যাল টিম বসানোর কথা। মেডিক্যাল টিম না বসানোর জন্য অনশনকারীরা যে কোনও সময়ে অসুস্থ হয়ে পড়তে পারে। সে জন্য আমাদের পথ অবরোধ। কুর্মি জাতি ৭০ বছর ধরে এসটি তালিকা থেকে বঞ্চিত। এই অধিকার ফিরে পাওয়ার লড়াই করছি আমরা। ঝাড়গ্রামে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা দাবি করেছিলাম তার নামকরণ বীর শহীদ রঘুনাথ মাহাতোর নামে করতে হবে। দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন রঘুনাথ মাহাত। উনি কোনও কুর্মীকে স্বাধীন করার জন্য লড়াই করেননি। অথচ বীর শহিদের সম্মান দেওয়া হয়নি।’’
‘দিয়াকে দিয়া, নাই দিয়াকে হুড়কা দিয়া’ এই স্লোগান দিয়ে মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভার দিন ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসের বাইরে ২৬ দফা দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল কুর্মি সমন্বয় মঞ্চ। অর্থাৎ ‘দেবেন তো দিন, না দিলে আমরা মুখ ফিরিয়ে নিলাম।’ কিন্তু অবস্থান বিক্ষোভ চার দিনে পা দিলেও সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে আমরণ অনশনের পথে যান কুর্মি সমন্বয় মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শুরু হয় অনশন।
শুক্রবার মিনিট পনেরো অবরোধ করার পর ঝাড়গ্রামের ডিএসপি ট্রাফিক ঘটনাস্থলে এসে কথা বলেন। তারপর অনশন মঞ্চে মেডিক্যাল টিম বসার প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ তুলে নেন কুর্মীরা।