দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া : ফের হাতির হানায় মৃত্যু। এ বার বেলিয়াতোড় থানার শীর্শা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়।
বনদফতর সূত্রে জানা গেছে, মৃতের নাম ভাগ্যধর মান। গত কয়েকদিন ধরে বড়জোড়া, সোনামুখী, বেলিয়াতোড়, জয়পুর সহ বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। শনিবার সন্ধে নাগাদ ঘরে কাছেই ভাগ্যধরবাবুকে পিষে মারে একটি হাতি।
বেলিয়াতোড় রেঞ্জার অফিসার দেবদাস রায় বলেন, “সকালবেলা খবর পাই একজনকে হাতি মেরে দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিট অফিসার ও অন্যান্যদের ঘটনাস্থলে পাঠাই। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওখানে গিয়ে দেখি মৃতদেহের পাশে হাতির পায়ের ছাপ রয়েছে। তা দেখেই আমরা নিশ্চিত হই, ওই ব্যক্তিকে হাতিই মেরেছে।”
মৃতের দাদা প্রদীপ মান বলেন, “রাস্তায় মেরে ওঁকে টেনে এনে ফেলে দিয়েছে বাঁশঝাড়ের দিকে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। সূর্য ডুবে গেলে কখন কাকে মেরে দেবে, কার ঘরবাড়ি ভেঙে দেবে, এই আতঙ্কে বসবাস করছি। আমাদের সুরক্ষার ব্যবস্থা করার জন্য কোন ব্যবস্থা গ্রহন করছে না সরকারি আধিকারিকরা। আজকে আমার ভাই গেল কাল হয়তো অন্য কেউ।”
মৃত ভাগ্যধরবাবু বেলিয়াতোর রেঞ্জের নার্সারি কর্মী ছিলেন বলে জানান বেলিয়াতোড় রেঞ্জার অফিসার। সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারকে সমস্ত আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।