
শেষ আপডেট: 4 October 2023 15:51
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। সিকিমের দুর্যোগপূর্ণ পরিস্থিতি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। এমন অবস্থায় স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ির প্রশাসন। জেলার সমস্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছেন জেলাশাসক শামা পারভিন।
বুধবার সকাল থেকে জলপাইগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। দুপুর দেড়টার পর পর ভারী বৃষ্টি হতে শুরু করে। বিপদ এড়াতে আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। ছোট ছোট ছেলে-মেয়েরা যাতে বিপদে না পড়ে তাই ছুটি ঘোষণা করে জেলাপ্রশাসন।
গাজলডোবা তিস্তা ব্যরেজ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে। সেচ দফতরের পরিসংখ্যান বলছে বুধবার মোট ৮ হাজার ২৫২ কিউসেক জল ছাড়া হয়েছে। বারবার জল ছাড়ায় জলস্তর ক্রমশ বেড়েই চলেছে তিস্তায়। ইতিমধ্যেই দোমহনি থেকে বাংলাদেশের দিকে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। বিপর্যয়ের ইঙ্গিত পেতেই পুলিশ ও প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। নাথুয়ার চর, মৌয়ামারির চরের মতো নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহর লাগায়ো খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিবেকানন্দ পল্লি, সুকান্ত পল্লিতে মাইকিং করে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, দুপুর ২ নাগাদ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। কয়েক ঘণ্টা পরে পরিস্থিতি কী দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।