
শেষ আপডেট: 18 May 2023 10:11
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনে বাংলায় নিষেধাজ্ঞা (Bengal Govt Ban The Kerala Story) জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। মমতার নির্দেশ খারিজ করে দিল (Supreme Court Stay Order) দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) ডিভিশন বেঞ্চ।
ফলে বাংলায় আর 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) প্রদর্শনে বাধা রইল না। সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে এই ছবি প্রদর্শনে আর কোনও বাধা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ছবির পরিচালক সুদীপ্ত সেন সংবাদমাধ্যমে বলেছেন, 'এটা সিনেমার জয়। কণ্ঠরোধের বিরুদ্ধে বাক স্বাধীনতার জয়।'
গত ৮ মে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলায় দ্য কেরালা স্টোরি (The Kerala Story) বন্ধের নির্দেশ দিয়েছিলেন। নবান্নের ব্যাখ্যা ছিল, এই ছবি প্রদর্শিত হবে বাংলায় অশান্তির আগুন জ্বলতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট আগের শুনানিতেই প্রশ্ন তুলেছিল, কেন হঠাৎ বাংলায় অশান্তি হবে? অনেক রাজ্যেই তো এই ছবি দেখানো হচ্ছে। কোথাও তো অশান্তি হচ্ছে না।
এ নিয়ে বিদ্বজ্জনেদের মধ্যেও দ্বিমত দেখা গিয়েছিল। মমতা তথা তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্ন এ নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন রাজ্য সরকারের। অন্যদিকে সুবোধ সরকারের মতো কবিরা বলেছিলেন, ঠিক করেছেন মমতা। বিজেপির সিলেবাস অনুযায়ী তৈরি বিভেদের সিনেমা কেন দেখাতে দেওয়া হবে। কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কোনও যুক্তিকেই মান্যতা দিল না। তবে বাংলার ক'টা হলে এই ছবি চলবে, সেটাই এখন দেখার।
'আমার খুব বুকে ব্যথা, জামিন দিন', আদালতে ফের জামিনের আবেদন অনুব্রতর