দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার এক মার্কিন ডলারের দাম ছিল ৭৬ টাকা ২৮ পয়সা। শুক্রবার গুড ফ্রাইডের জন্য বাজার বন্ধ ছিল। প্রতি সপ্তাহেই শনি ও রবিবার বাজার বন্ধ থাকে। সোমবার বাজার খোলার কিছুক্ষণ পরেই ডলারের তুলনায় টাকার দাম পড়ল ১৫ পয়সা। অর্থাৎ এক মার্কিন ডলারের দাম হল ৭৬ টাকা ৪৩ পয়সা।
বিদেশি মুদ্রার ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিনিয়োগকারীদের আশঙ্কা, যেভাবে বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ বাড়ছে তাতে অর্থনীতি গুরুতর সংকটে পড়তে পারে। সোমবার বাজার খোলার পরেই এক ডলারের দাম ছিল ৭৬ টাকা ৩২ পয়সা। কিন্তু কিছুক্ষণের মধ্যে টাকার দাম কমে যায়।
রিলায়েন্স সিকিউরিটিজ জানিয়েছে, ভারত ও আমেরিকা, দুই দেশেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না। তাছাড়া সরকারের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি এদিনই বৈঠকে বসছে। তারা কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৪ হাজার। ভারতে কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। ইতিমধ্যেই ভাইরাস সংক্রামিতের সংখ্যা দু’হাজার ছুঁতে চলেছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই সংক্রমণে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। নতুন আক্রান্ত অন্তত ২২৪ জন। মহারাষ্ট্রের পরেই সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান। দিল্লিতে আক্রান্তের সমখ্যা ১১৫৪। মৃত্যু হয়েছে ২৪ জনের। তামিলনাড়ুতেও সংক্রমণের সংখ্যা হাজার ছুঁয়েছে। সেই সঙ্গে তেলঙ্গানা (৫০৪), উত্তরপ্রদেশ (৪৮৩), অন্ধ্রপ্রদেশেও (৪২৭)আক্রান্তের সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল অর্থাৎ রবিবার সকালের বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, তখনও পর্যন্ত বাংলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। সোমবার সকালের বুলেটিনে দেখা গেল তা বেড়ে দাঁড়িয়েছে ১৫২। একদিনের মধ্যে করোনা পজিটিভের সংখ্যার বৃদ্ধি বাংলায় এর আগে হয়নি।