দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পার্শ্ব শিক্ষকরা। সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল ধর্মতলা চত্বরে।
কর্মসূচির আগেই শহিদমিনার, লেডি ডাফরিন-সহ একাধিক রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় কলকাতা পুলিশ। কর্মসূচি শুরু হওয়ার পরেই ব্যারিকেড ভাঙতে শুরু করেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাঁদের। তারপর লেডি ডাফরিন রোডে অবস্থান শুরু করেন পার্শ্বশিক্ষকরা।
বেতন কাঠামোর পুনর্বিন্যাস-সহ একাধিক দাবিতে রাস্তায় নেমেছেন পার্শ্বশিক্ষকরা। এর আগেও বিকাশ ভবন অভিযান, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, সরকার আশ্বাস দিলেও তা পূরণ হয়নি।
আন্দোলকারী এক নেতার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামোর পুনর্বিন্যাস করা হবে। কিন্তু তিনি সরকারে আসার পর ১০ বছর কাটতে চললেও তা এখনও মেটেনি বলে তাঁর বক্তব্য।
পার্শ্বশিক্ষকদের সংগঠনের আর এক নেত্রী সংবাদমাধ্যমে বলেন, যতবার আমরা নিজেদের দাবি জানাতে এসেছি, ততবার পুলিশ দিয়ে আমাদের দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। বিকেল চারটে পর্যন্ত খবর লেডি ডাফরিন রোডে অবস্থান চালিয়ে যাচ্ছেন পার্শ্বশিক্ষকরা। তাঁদের বক্তব্য, যতক্ষণ না দাবি মিটছে ততক্ষণ আন্দোলন চলবে।